হজে যেতে পারেননি, এখন টাকা ফেরত পেতেও ঘুরতে হচ্ছে
এবার প্রায় ৩০০ হজযাত্রী প্রতারণার শিকার হয়েছেন।
সব প্রস্তুতি শেষ করে গত জুন মাসে দুই সপ্তাহ ধরে ব্যাগ বেঁধে অপেক্ষা করেও হজে যেতে পারেননি শ্যামলীর শাহানা ইসলাম। পাঁচ মাস পার হয়ে গেল, হজে যাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন, তা ফেরত পেতে এজেন্সি মালিকের পিছু পিছু ঘুরতে বাধ্য হচ্ছেন। অথচ মালিক লাপাত্তা।
পুলিশের তথ্যানুযায়ী, এক মালিকের দুটি এজেন্সিই ১৭১ জনের কাছ থেকে টাকা নিয়ে অফিস ছেড়ে পালিয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, প্রতারণাকারী আল হেলাল এয়ার ইন্টারন্যাশনাল এবং বিএসবি ট্রাভেলস দুটোরই কার্যালয় ঢাকার মালিবাগের একটি বহুতল ভবনের দোতলায়। গত জুলাই মাসের পর থেকে কয়েক দিন মাত্র প্রতিষ্ঠানটির কার্যালয় খোলা হয়েছে বলে জানাচ্ছেন সেখানকার নিরাপত্তাকর্মীরা।
আল হেলাল ইন্টারন্যাশনাল ও বিএসবি ট্রাভেলস দুটোরই মালিক এ টি এম মাজহারুল ইসলাম। তার ভিজিটিং কার্ডে আরও অন্তত নয়টি ভ্রমণ ও টিকেটিং বিষয়ক প্রতিষ্ঠানের নাম রয়েছে। নামে-বেনামের এসব প্রতিষ্ঠান চালান আসলে একজনই।
শাহানা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জের একটি মসজিদের ইমাম আব্দুল হাইয়ের মাধ্যমে তারা তিনজন হজে যাওয়ার জন্য মোট ১৬ লাখ ২৫ হাজার টাকা দিয়েছিলেন। গত কোরবানির ঈদের আগে আজ ফ্লাইট-কাল ফ্লাইট এমন বলে বলে ঘোরাতে ঘোরাতে থাকে তাদের। শেষ পর্যন্ত তারা হজে যেতে পারেননি। সে সময় গা ঢাকা দিয়ে ছিলেন আব্দুর হাইও। পরে জানা গেল আব্দুল হাই টাকাগুলো তুলে দিয়েছেন আল হেলালের মালিক মাজহারুলের কাছে।
আব্দুল হাইয়ের দাবি, মোয়াল্লেম হিসেবে তিনি হজযাত্রীর দেওয়া পুরো টাকাটাই ট্রাভেল এজেন্সির কাছে হস্তান্তর করেন। এখন ট্রাভেল এজেন্সি টাকা ফেরত না দিয়ে কেবলই ঘোরাচ্ছে।
ভুক্তভোগী একজন নাম প্রকাশ না করার শর্তে বলছেন, টাকা তো দূরের কথা তার পাসপোর্টটিও তিনি এখনো ফেরত পাননি। পরিবারের অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার তোড়জোর চলছে। তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না।
শাহানা ইসলাম জানান, পুলিশ এবং অন্যান্য মাধ্যমে অনেক দেন-দরবারের পর ট্রাভেল এজেন্সির মালিক মাজহারুল ইসলাম তাদের ১৬ লাখ টাকার দুটি চেক দিয়েছেন। কিন্তু সেই চেকের সমপরিমাণ টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখেননি মাজহারুল। ফলে টাকা তুলতে পারছেন না তারা।
তবে পুলিশের শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদের কেউ থানায় মামলা করেননি।
“তারা অভিযুক্ত মাজহারুলকে ডেকে ডিবিতে নিয়ে গিয়েছিল বলে শুনেছি। এরপরের খবর আর জানি না। মনে হয় তাদের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে।”
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গিয়েছিলেন কয়েকজন ভুক্তভোগী। ডিবি অভিযুক্ত এজেন্সি মালিক এ টি এম মাজহারুল ইসলামকে ডেকে এনেছিল। তিনি ভুক্তভোগীদের টাকা পরিশোধের আশ্বাস ও চেক দেন। তবে ভুক্তভোগীরা এখনও টাকা পাননি।
ডিবির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার রফিকুল ইসলাম বিষয়টি দেখভাল করেছিলেন। তিনি বলছেন, “মাজহারুল ডেটের পর ডেট দিচ্ছেন কিন্তু টাকা দিচ্ছেন না। ভুক্তভোগীরা আমাদের কাছে এলেন। যেহেতু হজের বিষয়, আমরা খুবই আন্তরিকভাবে বিষয়টা নিলাম।
“আমরা ভুক্তভোগীদের বললাম মামলা করেন। কিন্তু তারা মামলা করবেন না। তাদের ধারণা হয়েছে, মামলা করলে বিষয়টি আইনি প্রক্রিয়ায় অনেক লেংদি হবে, তারা টাকা ফেরত পাবেন না। তারা মামলা না দিলে তো আমরা একটা লোককে আইনি প্রক্রিয়ায় আটকে রাখতে পারি না।”
টাকা দেব-দিচ্ছি করতে করতেই গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মাজহারুল লাপাত্তা হয়ে গেছেন। ভুক্তভোগী ও পুলিশ জানাচ্ছে, তার ফোন বন্ধ, অফিস তো আগে থেকেই বন্ধ।
শাহানা বলছেন, ‘‘মাজহারুল সৌদি আরবে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। এখন কী করবো ভেবে পাচ্ছি না।’’
চলতি হজ মৌসুমে এরকম প্রায় ৩০০ হজযাত্রী প্রতারণার শিকার হয়েছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গত ৫ জুলাই জানানো হয়।
