তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা সানায়ার
অভিযোগের বিষয়ে তদন্ত করে পিবিআইকে ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলেছে আদালত।
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এবার ফেইসবুকে ‘আপত্তিকর ছবি ও ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে মানহানির মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে তিনি এ মামলা করেন বলে তার আইনজীবী শুভ্র সিনহা রায় জানান।
তিনি বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগ তদন্তের (পিবিআই) নির্দেশ দিয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে তানজিন তিশাকে উকিল নোটিস পাঠান আইনজীবী শুভ্র সিনহা রায়।
সানায়া আনাম ঢাকার এর আগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে দুটি মামলা করেছেন। মামলা দুটি চলমান রয়েছে।
এবারের মামলার আর্জিতে বলা হয়েছে, গত মঙ্গলবার অভিনেত্রীর ‘Tanjin Tisha’ নামের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে ‘বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য’ ছড়ানো হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে তানজিন তিশা বাদীর সম্পর্কে ‘ভুল তথ্য’ উপস্থাপন করছেন বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।
সেখানে বলা হয়, গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা তার ফেইসবুক মেসেঞ্জার থেকে সানায়া আনামকে হুমকি দেন। ওই বার্তায় বলা হয়েছিল, “ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবোনে।”
