১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাড়িকাণ্ড: তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ

মামলায় বলা হয়েছে, ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি তানজিন তিশা নিয়েছিলেন এ্যাপোনিয়ার ফ্যাশনের ফেইসবুক পেইজের প্রচারের জন্য, কিন্তু তিনি তা ‘করেননি’।

শাড়িকাণ্ড: তানজিন তিশার নামে মামলা, তদন্তে ডিবি পুলিশ
তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

শাড়ি নিয়ে ‘প্রতারণা করে বিশ্বাসভঙ্গের’ অভিযোগে টেলিভিশন অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে। 

এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, “আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবি পুলিশকে আগামি ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।”

মামলার অভিযোগে বলা হয়েছে, “তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা । তিনি দীর্ঘদিন যাবৎ মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এর সুবাদে তিনি এ্যাপোনিয়ার অনলাইন পেইজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। 

“শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে নানাভাবে আশ্বস্ত করেন যে শাড়িটি পরে তিনি অ্যাপোনিয়া পেইজ প্রমোশন করবেন।”

মামলায় বলা হয়, “তানজিন তিশাকে পেইজ কর্তৃপক্ষ শাড়িটি পরিধান করে পেইজ প্রমোশনের জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করে পেইজ প্রমোশন করেননি, ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং পেইজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছেন।”

বাদীর অভিযোগ, তানজিন তিশা ‘প্রতারণা করে বিশ্বাসভঙ্গ’ করেছেন। মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তিনি। 

অভিযোগের বিষয়ে কথা বলতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।