Published : 12 Jul 2026, 10:34 PM
শাড়ি নিয়ে ‘প্রতারণার’ মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত।
আগামী ১৩ অগাস্ট তাকে আদালতে হাজির হতে হবে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেয়।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার এ তথ্য দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘এ্যাপোনিয়ার’ অনলাইন পেইজ থেকে একটি শাড়ি পছন্দ করে নেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
“শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা প্রকার ভয়েস মেসেজ এবং মেসেজ দিয়ে আশ্বস্ত করেন যে শাড়িটি পরে তিনি অ্যাপোনিয়া পেইজ প্রমোশন করবেন।”
মামলায় বলা হয়, “তানজিন তিশাকে পেইজ কর্তৃপক্ষ শাড়িটি পরে প্রমোশনের জন্য বিভিন্নভাবে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও তিনি শাড়িটি পরিধান করে পেইজ প্রমোশন করেননি, ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং পেইজ কর্তৃপক্ষের সাথে কোনোরূপ কথোপকথন থেকে ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছেন।”
মামলায় বাদী হয়েছেন অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেন।
সলিমুল্লাহ সরকার বলেন,"সম্প্রতি ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দিয়েছে। আজ মামলার দিন ধার্য ছিল। বাদীপক্ষ থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করি। আদালত আসামিকে হাজির হতে সমন জারি করেছে।"