১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

আড্ডা জমানোর গোপন সূত্র খুঁজে পাওয়ার দাবি বিজ্ঞানীদের

এর আসল রহস্য লুকিয়ে আছে ‘পিংক নয়েজ’-এর মধ্যে, যা আলাপে স্থিতিশীলতা ও নমনীয়তার এক নিখুঁত ভারসাম্য ধরে রাখে।

আড্ডা জমানোর গোপন সূত্র খুঁজে পাওয়ার দাবি বিজ্ঞানীদের

ঠিক কোন বিষয়টি আড্ডাকে সফল করে তোলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন। ছবি: ম্যাগনিফিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 02:15 PM

Updated : 10 Nov 2026, 02:15 PM

আড্ডার সুনির্দিষ্ট কোনো নিয়ম তৈরির প্রাথমিক প্রচেষ্টায় প্রাচীন রোমান বক্তা সিসেরো চমৎকার ধারণা দিয়েছিলেন।

তিনি পরামর্শ দিয়েছিলেন, নিজের সুর বা টোন ঠিক রাখুন, কখনো বিরক্ত দেখাবেন না, মেজাজ হারাবেন না ও নিজের সম্পর্কে আলাপ অহেতুক দীর্ঘ করবেন না।

এবার সেই মহান বক্তার পথ অনুসরণ করে সফল এক আড্ডার সুনির্দিষ্ট লক্ষণ খুঁজে বের করার দাবি করেছেন বিজ্ঞানীরা।

তারা বলছেন, পারস্পরিক সন্তোষজনক ও উপভোগ্য আলাপের মূল রহস্য লুকিয়ে আছে পর্যাপ্ত পরিমাণে ‘পিংক নয়েজ’ বা গোলাপি কোলাহলের মধ্যে।

এ শব্দের নির্দিষ্ট রংটি ভাষাবিদদের চেয়ে পদার্থবিদদের বেশি আকৃষ্ট করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ‘ডার্টমাউথ কলেজ’-এর গবেষকরা বলছেন, ‘পিংক নয়েজ’ ধারণা ভালো আলাপের নেপথ্যের কারণ সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে।

গবেষণাটির প্রধান লেখক ক্যাথরিন ও’নিল বলেছেন, “পদার্থবিদ্যায় পিংক নয়েজ এমন বিষয় হিসেবে পরিচিত, যা বিশৃঙ্খলার ঠিক প্রান্তে অবস্থান করে, যেখানে আপনি স্থিতিশীল অবস্থায় থাকলেও সেখানে চিরকালের জন্য আটকে থাকেন না।

“আলাপের জন্য এটা চমৎকার বিষয়। কারণ আপনারা কোনো একটি বিষয়ে এতক্ষণ থাকতে পারেন যাতে একে অপরকে ভালোভাবে চিনে নেওয়া ও বিষয়টি উপলব্ধি করা যায়। তবে এটা বিরক্তিকর হয়ে ওঠার আগেই আপনারা সেখান থেকে সামনে এগোতে পারেন।”

গবেষকরা অপরিচিত মানুষের মধ্যকার এক হাজারেরও বেশি আলাপ বিশ্লেষণ করে আড্ডা শেষে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছেন।

তারা বলছেন, যেসব আড্ডায় পিংক নয়েজের উপস্থিতি বেশি ছিল মানুষ সেগুলোতে বেশি আনন্দ পেয়েছে, আড্ডা চালিয়ে যেতে আগ্রহী ও তাদের মধ্যে গভীর সংযোগ অনুভূত হয়েছে।

প্রভাবটি কেবল অপরিচিতদের মধ্যেই সীমিত কি না তা দেখতে বন্ধুদের মধ্যে হওয়া শৈশবের বিভিন্ন অভিজ্ঞতা বিষয়ক আলাপের ওপর একই ধরনের বিশ্লেষণ চালিয়েছেন গবেষকরা।

সেখানেও তারা দেখেছেন, বেশি পিংক নয়েজের উপস্থিতি মানেই আড্ডা বেশি উপভোগ্য। বাস্তব জীবনেও এই প্রভাবে দারুণ ফল মিলেছে।

গবেষকরা স্পিড-ডেটিংয়ের বিভিন্ন আলাপ নিয়েও কাজ করেছেন। তারা বলছেন, পিংক নয়েজের উপস্থিতিই বলে দিত কোন জুটি পরবর্তীতে আবারও ডেট করবে।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।

গবেষকরা বলছেন, ঠিক কোন বিষয়টি আড্ডাকে সফল করে তোলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা কঠিন।

গবেষণাপত্রের লেখকরা বলেছেন, “ভালো আলাপ অনেকটা পর্নোগ্রাফির মতো, যা সংজ্ঞায়িত করা কঠিন তবে দেখলেই চিনে নেওয়া যায়।”

মানুষ একে অপরের সঙ্গে ‘সুর মেলানো’ বা ‘সিঙ্ক’ থাকার কথা বললেও এ রূপকটি অনেক সময় মূল বিষয়টিকে ধরতে ব্যর্থ হয় বলে জানান এ গবেষণার জ্যেষ্ঠ লেখক ও স্নায়ুবিজ্ঞানী ডা. এমিলি ফিন।

“পুরোপুরি সুর মিলিয়ে থাকা অবস্থায় আড্ডা নিস্তেজ হয়ে পড়তে পারে। মানুষ যখন কেবল একে অপরের কথা বারবার আউড়ে চলে ও নির্দিষ্ট বিষয়ের আশপাশে ঘুরপাক খেতে থাকে তখন তারা চরম মাত্রায় বিরক্ত হতে পারেন।”

গবেষণায় বিজ্ঞানীরা আলাপের প্রতিটি অংশ ‘এমপিনেট’ নামের এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ে প্রবেশ করিয়েছেন। প্রোগ্রামটি আড্ডার প্রতিটি পালা বা বাঁককে অর্থ, সুর ও প্রেক্ষাপটের মতো ৭৬৮টি ভিন্ন মাপকাঠিতে মূল্যায়ন করেছে।

এর মাধ্যমে বিজ্ঞানীরা সময়ের সঙ্গে সঙ্গে আলাপ কীভাবে ওঠানামা করে তা পরিমাপ করতে পারেন।

মানুষ যখন ঠিক এর আগে যা বলা হয়েছে তা অনুসরণ করতে ব্যর্থ হন তখন আলাপে ‘হোয়াইট নয়েজ’-এর প্রকাশ ঘটে, যেখানে আড্ডাটি যে কোনো দিকে মোড় নিতে পারে বা এমন কারো মাধ্যমে প্রভাবিত হয় যিনি অন্য ব্যক্তির প্রতিক্রিয়ার প্রতি সম্পূর্ণ উদাসীন।

অন্যদিকে, আলাপে ‘রেড নয়েজ’ থাকতে পারে। এ অবস্থা এমন সময় তৈরি হয় যখন লোকজন একে অপরের ভাষা হুবহু নকল করতে শুরু করে ও নির্দিষ্ট আলাপের গতানুগতিক ছাঁচে আটকে যায়।

‘পিংক নয়েজ’ এই দুয়ের মাঝখানে কোথাও অবস্থান করে। যেটা আলাপে এমন এক ‘গোল্ডিলকস জোন’ বা আদর্শ ক্ষেত্র, যা স্থিতিশীলতা ও নমনীয়তার মধ্যে ভারসাম্য ধরে রাখে।

মানুষ যখন কোনো একটি বিষয় খোঁজে তখন তারা নিজেদের মধ্যে সমন্বয় ঘটায়, এরপর নতুন কোনো ধারণা নিয়ে আসার সময় তারা কিছুটা দূরে সরে যায় ও পরবর্তীতে নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আবারও একত্র হন।

একটি আলাপে পিংক নয়েজ বা গোলাপি কোলাহলের মাত্রা নির্ভর করে এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের ওপর।

তবে ও’নিল বলছেন, এ দক্ষতা অর্জন ও বিকশিত করা সম্ভব। গবেষণার অংশ হিসেবে দলটি দুজন উপস্থাপকের মাধ্যমে পরিচালিত পডকাস্টগুলো বিশ্লেষণ করে দেখেছে, প্রথম ৫০টি পর্বের মধ্যে তাদের আলাপে পিংক নয়েজের পরিমাণ বেড়েছে।

‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’-এর আলাপ বিশ্লেষক অধ্যাপক এলিজাবেথ স্টোকো ‘আরও বেশি সাদৃশ্যই ভালো’ এই ধারণার বাইরে গিয়ে গবেষণাটি পরিচালনা করায় গবেষকদের প্রশংসা করেছেন।

তবে কোনো আলাপ উপভোগ্য কি না তা নিয়ে প্রশ্ন তোলা আসল উদ্দেশ্যকে এড়িয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে বলে তিনি মনে করেন।

“আলাপগুলোকে কেবল উপভোগ্য কি না, তার ভিত্তিতে মূল্যায়ন করাটা বড্ড প্রাণহীন হতে পারে। কারণ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপের অনেকগুলোই এমন নয়।”