ঢাকা সদরঘাটে ঈদের পরও যাওয়ার পালা
ঈদের পরদিনও রাজধানীর সদরঘাটে ছিল যাত্রীদের উপস্থিতি, যারা নানা কারণে আগে বাড়ি যেতে পারেননি।
রোববার দুপুরে ফয়সাল নামে এক ব্যক্তিকে স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ঘাটের ছয় নম্বর পন্টুনে। তিনি যাবেন মাদারীপুরের কালকিনিতে।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগের যেতে ঝামেলা হবে ভেবে এখন রওনা হলাম। কিন্তু বৃষ্টি নানাভাবে ভোগাচ্ছে।”
গ্রামে মা-বাবা আর ছোট বোন থাকেন, তারা পথ চেয়ে আছেন বলে জানান ফয়সাল।
ফয়সালের মতোই দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে পন্টুনে দেখা মিলল আব্দুল কুদ্দুস নামে মধ্য বয়সী এক ব্যক্তির।
কোথায় যাচ্ছেন- জানতে চাইলে গালভরা হাসি দিয়ে বলেন, “চাঁদপুরে বন্ধুর আমন্ত্রণে যাচ্ছি। বৃষ্টির দোহাই দিয়ে না করেছিলাম। কিন্তু বন্ধু মানতে নারাজ। তাই যাওয়া।”
ঈদের পরদিন আরও অনেককে সদরঘাটে দেখা যায়। সবাই কেউ পরিজনের কাছে, কেউবা নিমন্ত্রণ রক্ষায় যাচ্ছেন।
আবু বকর নামে এক যুবক বরিশালের মেহেন্দীগঞ্জ যেতে সদরঘাটে লঞ্চের অপেক্ষায় ছিলেন। পুরান ঢাকার একটি মসজিদের মোয়াজ্জিন তিনি।
ঈদের আগের মতো এমন ভিড় অবশ্য ছিল না রোববার ঈদের পরদিন (ফাইল ছবি)
“চাকরির কারণে আগে যেতে পারিনি। তাই যত বৃষ্টি হোক, বাড়ি যাবই। মা-বাবা রয়েছে আমার অপেক্ষায়,” বলেন বকর।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বলেন, এখনও যাত্রী গ্রামের বাড়িতে যাচ্ছে বেশি। আসা তেমন শুরু হয়নি।
তিনি জানান, রোববার দুপুর পর্যন্ত সদরঘাট থেকে ১৫টি লঞ্চ ছেড়ে গেছে। দক্ষিণাঞ্চল থেকে ৪০টি লঞ্চ এলেও যাত্রী তেমন ছিল না।
টিপু লঞ্চ কোম্পানির মহাব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, “আবহাওয়ার কারণে যাত্রী কম।”
ঈগল লঞ্চটি চাঁদপুর থেকে সদরঘাটে ভিড়ে রোববার সকাল ১১টার দিকে। যাত্রী ছিল অল্প সংখ্যক।
একজন যাত্রী দুটি বড় ব্যাগ নিয়ে পন্টুন দিয়ে টেনে নিচ্ছিলেন।
এত তাড়াতাড়ি কেন ফিরলেন- জানতে চাইলে তিনি বলেন, “সোমবার থেকে তো অফিস শুরু হবে। তাই না এসে পারা গেল না।”
কমলাপুরে ভিড় নেই
ঈদের পরদিন ঢাকামুখী ট্রেনগুলোতে ফেরার পালা শুরু হলেও এই সংখ্যা কম।
রোববার কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় এই চিত্র।
জামালপুর থেকে ফেরা ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছুটি কম পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনেই ঢাকা ফিরতে হয়েছে।
“আরও দু-একদিন বাড়িতে কাটানোর ইচ্ছে ছিল। কিন্তু ছুটি পাইনি।”
স্ত্রী-সন্তানকে নিতে স্টেশনে অপেক্ষায় থাকা ব্যবসায়ী ফয়জুর রহমান সোহেল বলেন, “কাজের চাপ থাকায় নিজে বাড়ি যেতে পারিনি। তবে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ঘুরে এসেছে।”
ঈদের আগে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে ছিল এমন ভিড় (ফাইল ছবি)
বিভিন্ন কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, এমন যাত্রীরও দেখা মিলেছে রেল স্টেশনে।
ন্যাশনার ল’ কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় যেতে ট্রেনের অপেক্ষায় ছিলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদে ঢাকায় কিছু সামাজিকতা থাকে। শিক্ষার্থীরা বাসায় বেড়াতে আসে। স্টেশনে ভিড়ও থাকে অনেক বেশি। তাই ঈদের পর বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার(ভারপ্রাপ্ত) আবু সাঈদ বলেন, ঈদের পর মানুষ ঢাকা ফিরতে শুরু করেছে।
সোমবার থেকে খুলনা, পার্বতীপুর, দেওয়ানগঞ্জ থেকে সাতদিন স্পেশাল ট্রেন ঢাকায় যাতায়াত করবে বলে জানান তিনি।
