২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: ঘাট স্টেশন টার্মিনালে উপচেপড়া ভিড়

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে রাজধানীর লঞ্চঘাট এবং বাস ও ট্রেন স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপড়েপড়া ভিড়।

কামাল তালুকদার

ও কাজী মোবারক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 09:10 PM

Updated : 12 Oct 2022, 04:01 PM

পুরনো খবর:

ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ: সড়কমন্ত্রী
ঈদযাত্রা: ভিড় বাড়ছে লঞ্চে, ট্রেনে

কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলা দেখা না গেলেও রাজধানীর সদরঘাট পূর্ণ হয় কানায় কানায়; অতিরিক্ত যাত্রী তুলতে দেখা যায় বিভিন্ন লঞ্চে। আগাম টিকেটধারীদের অধিকাংশই সময়মত ঢাকা ছাড়তে পারলেও বাসের অপেক্ষায় বসে থাকতে দেখা যায় অনেককে। টিকেট না থাকলেও ভেঙে ভেঙে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন বহু মানুষ।

ট্রেনেও দেখা গেছে উপচেপড়া ভিড়। কমলাপুর থেকে যাত্রার পর বিভিন্ন ট্রেন ছাদ খালি দেখা গেলেও বিমানবন্দর স্টেশন ছাড়তে ছাড়তে যাত্রী ঠাসা হয়ে ওঠে প্রতিটি ট্রেনের ছাদ।

ঢাকার সদরঘাট, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে বৃহস্পতিবার ভোর থেকে যাত্রীদের ভিড় দেখা যায়।

কমলাপুর ও গাবতলী বাস টার্মিনালে ভিড় থাকলেও তেমন  ভোগান্তি দেখা যায়নি। তবে সদরঘাটে যাত্রীদের ভিড়, লঞ্চের কর্মচারীদের অতিরিক্ত যাত্রী নেওয়ার প্রবণতা ও বিশৃঙ্খলা ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে।

সদরঘাটে সকাল সাড়ে ৮টার পর থেকে দূপুর পর্যন্ত যাত্রী চাপ তুলনামূলক কম থাকলেও বিকাল পৌনে ৪টার দিকে পুরো পন্টুন যাত্রীতে ভরে যায়। অতিরিক্ত ভিড়ের চাপে এ সময় শিশুদের কান্নাকাটি করতে দেখা যায়।

Image
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়; লঞ্চের ছাদে উঠে বাড়ির পথে রওয়ানা হন বহু মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়; লঞ্চের ছাদে উঠে বাড়ির পথে রওয়ানা হন বহু মানুষ।

Image
বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়; লঞ্চের ছাদে উঠে বাড়ির পথে রওয়ানা হন বহু মানুষ।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর সদরঘাটে দেখা যায় ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়; লঞ্চের ছাদে উঠে বাড়ির পথে রওয়ানা হন বহু মানুষ।

স্ত্রী-সন্তানদের নিয়ে বরিশালে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে বিকালে সদরঘাটে পৌঁছান জয়নাল মিয়া।

যাত্রীদের ভিড়ে ভোগান্তি নিয়ে তিনি বলেন, “অফিস ছিল, কিন্তু বছরে একবার বাড়ি যাই তাই ছুটি নিয়ে চলে এসেছি। ভিড় এড়ানোর জন্য আধাবেলা ছুটি নিয়ে এসেছিলাম, এসে সেই ভিড়ের মধ্যেই পড়তে হল।”

এ বিষয়ে লঞ্চ মালিক আবু কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত গার্মেন্ট কারখানাগুলো ছুটি হয়ে যাওয়ার কারণেই এই ভিড়। আমরা খবর পেয়েছি ২টার দিকে গার্মেন্টগুলো ছুটি হয়ে গেছে; চাপ যা এসেছে তা এই কারণেই এবং এই চাপ আরও বাড়বে।”

আগের দিন লঞ্চের ছাদে যাত্রী না দেখা গেলেও এদিন অনেক লঞ্চের ডেকে অতিরিক্ত যাত্রীর পাশাপাশি ছাদেও প্রচুর মানুষ দেখা গেছে।

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা বলেন, “যাত্রীরা কারও বাধা মানে না, একটু ফাঁক পেলেই পাশ দিয়ে উপরে (লঞ্চের ছাদ) উঠে যায়।”

সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট থেকে ৭৫টি লঞ্চ দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিএ’র টিআই মো. সোলায়মান জানিয়েছেন।এদিন সদরঘাট থেকে যাত্রা করা লঞ্চের সংখ্যা একশ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন তিনি।

স্বাভাবিক সময়ে প্রতিদিন ৫০টির মত লঞ্চ ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে যায় বলে জানান বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা।

এদিকে দুপুরে ঘাটে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এমভি কর্ণফুলী লঞ্চকে ৪০ হাজার এবং এমভি ভোলাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন জানান।

এ বাহিনীর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সদরঘাটে সার্বিক নিরাপত্তায় ১২৬ জন নৌ-পুলিশ নিয়োজিত আছে। এছাড়া ২৭টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ঘাট এলাকার উপর নজর রাখা হচ্ছে।

এ পর্যন্ত ঘাটে কোনো দুর্ঘটনা বা সমস্যার অভিযোগ পাননি বলে সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানিয়েছেন।

গাবতলী বাস টার্মিনাল

গাবতলী বাস টার্মিনালেও বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে।

অগ্রিম টিকেটধারীদের বেশিরভাগ সূচির কাছাকাছি সময়ে বাসে ঢাকা ছাড়তে পারলেও অনেককে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

সকাল ৮টার দিকে গাবতলীতে হানিফ পরিবহনের সকাল ৭টার বাসের যাত্রীদের ডাকতে শোনা যায়। পরিবহনটির অন্যান্য ট্রিপের যাত্রীদেরও

বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

আগাম টিকেট সংগ্রহ না করে কিছুটা সমস্যায় পড়লেও স্বল্প দূরত্বের বাসে চড়ে নিজের বাড়ির দিকে রওয়ানা হয়েছেন হাজারো মানুষ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস যাত্রা শেষ করলে সেখান থেকে আবার নতুন গাড়িতে উঠে বাড়ির দিকে যান তারা।

Image
বৃহস্পতিবার গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা।

বৃহস্পতিবার গাবতলীতে হানিফ পরিবহনের কাউন্টারে বাসের জন্য যাত্রীদের অপেক্ষা।

Image
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠে যাত্রা করেন ঘরমুখো মানুষ। ছবিটি বৃস্পতিবার রাজধানীর গাবতলী থেকে তোলা।

স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠে যাত্রা করেন ঘরমুখো মানুষ। ছবিটি বৃস্পতিবার রাজধানীর গাবতলী থেকে তোলা।

এদেরই একজন ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মী আফসান হাবিব, পাবনা যাবেন তিনি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজের ব্যস্ততার কারণে আগাম টিকেট কিনতে পারিনি। এখন যে কোনো একটা বাসে করে বাড়ি যেতে হবে।

“তবে এটা কোনো ব্যাপার না। এতদিন পরে বাড়ি যাব ভাবতেই আনন্দ হচ্ছে।”

ঢাকা থেকে উত্তরবঙ্গ রুটের ভালো বাসগুলো শুধু অগ্রিম টিকিটের যাত্রী নিলেও ঢাকা-বরিশাল রুটের অনেক বাস ঈদ উপলক্ষে চালু করেছে বিশেষ সার্ভিস।

এ রুটের দিগন্ত পরিবহনের গাবতলী কাউন্টারের কর্মী রুহুল আমিন বলেন, “যারা অগ্রিম টিকেট কিনতে পারেননি, তাদের কথা বিবেচনা করে আমরা কিছু স্পেশাল বাস ছেড়েছি। আমাদের পরিবহনে যারা নিয়মিত যাতায়াত করেন তারা যেন নিরাপদে বাড়ি যেতে পারেন, এ কারণেই কোম্পানি এই ব্যবস্থা করেছে।”

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় গাবতলী বাস টার্মিনালে পুলিশ ও র‌্যাবের অস্থায়ী কন্ট্রোলরুম/ ক্যাম্প বসানো হয়েছে।

সেখানে দায়িত্বরত দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, “আমরা গত কয়েকদিন ধরেই এখানে আছি। এখন পর্যন্ত কোনো যাত্রীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অন্যান্যবারের তুলনায় এবারের পরিস্থিতি অনেক সুশৃঙ্খল।”  

'ভোগান্তি ছাড়াই ট্রেনযাত্রা'

সদরঘাটের পাশাপাশি রেলপথে রাজধানীর কমলাপুর স্টেশনেও বৃহস্পতিবার সকাল থেকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়।

যাত্রীদের চাপ বেশি হলেও সকাল থেকে মোটামুটি সময়মতো বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ায় এ বছর রেলপথে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছে না বলে স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তীর দাবি।

তিনি বলেন, “অন্য বছরের মত এবার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়নি।”

Image
ট্রেনের জন্য রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

ট্রেনের জন্য রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

Image
ট্রেনের জন্য রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

ট্রেনের জন্য রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়।

তবে সকালে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায় বলে যাত্রীরা জানান।

বিষয়টি স্বীকার করে স্টেশন ব্যবস্থাপক সিতাংশু বলেন, “সাধারণত সুন্দরবন এক্সপ্রেস ২/৩ ঘণ্টা লেট করে। আজ কমিয়ে এক ঘণ্টায় আনা হয়েছে। আর রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় সেটা রিপ্লেস করতে একটু দেরি হয়েছে।”

কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রার পর বিমানবন্দর স্টেশন ছাড়তে ছাড়তে বিভিন্ন ট্রেনের ছাদে যাত্রীতে ঠাসা হয়ে ওঠে। ছাদে উঠার সুযোগ না পেয়ে সিঁড়িতে ঝুঁলেও অনেককে যেতে দেখা গেছে।