ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ: সড়কমন্ত্রী
এ বছর ঈদে সড়ক পথে যানজটসহ কোনো ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “গত বছরের তুলনায় এবার দূরপাল্লার পরিবহনের অবস্থা ভালো। যাত্রীরা কোনো রকম যানজট-ভোগান্তি ছাড়াই ঈদে ঘর ফিরতে পারছেন যাত্রীরা।
“তবে যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকায় অনেক স্থানে গাড়িগুলো ধীরে চলছে।”
আগামী ১৮ কিংবা ১৯ জুলাই ঈদুল ফিতর সামনে রেখে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বুধবার থেকে ব্যাপকভাবে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী।
অন্য বছরের মতো এবারও সড়ক পথে মানুষের বাড়ি ফেরার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।
“ঈদকে সামনে রেখে যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন স্থানে কনট্রোল রুম খোলা হয়েছে। এসব কন্ট্রোল রুমের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের যানজটের খবর পাইনি।”
বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, “বড় ধরনের কোনো অভিযোগ নেই। কিছু ক্ষেত্রে হয় তো এমনটি হতে পারে। সেটা দেখভাল করার জন্য পরিবহন মালিকদের বলে দিয়েছি।”
