২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা: ভিড় বাড়ছে লঞ্চে, ট্রেনে

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে লঞ্চ ও রেলপথে রাজধানী থেকে ঘরমুখো যাত্রীদের চাপ আগের দিনের তুলনায় বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 03:07 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

ঢাকার সদরঘাট ও কমলাপুর স্টেশনে বৃহস্পতিবার ভোর থেকে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাটে যাত্রীর চাপ কিছুটা কমে এলেও বিকালের দিকে তা আবার বাড়বে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সদরঘাটে যাত্রীদের ভিড় বেশি ছিল। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ১০টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

বুধবার সারাদিনে এ ঘাট থেকে ৯৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছিল।

সদরঘাটে সার্বিক নিরাপত্তায় ১২৬ জন নৌ-পুলিশ নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন এ বাহিনীর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. রফিকুল ইসলাম।

বিআইডব্লিউটিএর পরিচালক (পরিবহন) মো. শরিফুল হক বলেন, “অন্য বছরের তুলনায় এ বছর বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ঘাট এলাকার সবকিছু ২৭টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে।

এ পর্যন্ত ঘাটে কোনো দুর্ঘটনা বা সমস্যার অভিযোগ পাননি বলে সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান।

'ভোগান্তি ছাড়াই ট্রেনযাত্রা'

সদরঘাটের পাশাপাশি রেলপথে রাজধানীর কমলাপুর স্টেশনেও বৃহস্পতিবার সকাল থেকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়।

যাত্রীদের চাপ বেশি হলেও সকাল থেকে মোটামুটি সময়মতো বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাওয়ায় এ বছর রেলপথে ঘরমুখো মানুষের ভোগান্তি হচ্ছে না বলে স্টেশন ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তীর দাবি।

তিনি বলেন, “অন্য বছরের মত এবার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়নি।”

বেলা ১১টার দিকে স্বজনদের সঙ্গে ঈদ করতে সিরাজগঞ্জে যাওয়ার জন্য সবুজ মিয়া নামে একজনকে স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সবুজ বলেন, “বেলা ১১টা ৪০ মিনিটে আমার ট্রেন। ট্রেন আসলে চলে যাব। শুনেছি সঠিক সময়েই ট্রেন যাবে।"

তবে সকালে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রংপুরগামী রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায় বলে যাত্রীরা জানান।

বিষয়টি স্বীকার করে স্টেশন ব্যবস্থাপক সিতাংশু বলেন, “সাধারণত সুন্দরবন এক্সপ্রেস ২/৩ ঘণ্টা লেট করে। আজ কমিয়ে এক ঘণ্টায় আনা হয়েছে। আর রংপুর এক্সপ্রেসের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় সেটা রিপ্লেস করতে একটু দেরি হয়েছে।”