খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস না পাওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ব সাতটি পাটকলের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে ক্রিসেন্ট জুট মিলের সিবিএ কার্যালয়ে এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন।
তিনি বলেন, চলতি মাসের প্রথম দিকে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে ঈদের আগে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেন মন্ত্রী।
“কিন্তু মন্ত্রীর সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।”
ধর্মঘটের কারণে জেলার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন জুটমিল এবং যশোরের জেজেআই ও কার্পেটিং মিলে উৎপাদন বন্ধ রয়েছে।
