মুক্তিযোদ্ধার আত্মহত্যা: কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত
সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের আত্মহত্যা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে তার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মৃত্যু ও অভিযোগ’ দুটোই খতিয়ে দেখবে এ কমিটি।
এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য না দিয়ে জনপ্রশাসন সচিব বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকেই বিষয়টি তদন্তের অনুরোধ এসেছে।”
তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তথ্য সচিব মরতুজা আহমদ এ কমিটির দায়িত্ব পেতে যাচ্ছেন।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শেখ মিজানুর রহমানকে এ বিষয়ে তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে সাংবাদিকদের জানিয়েছিলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত ৭ জুলাই সকালে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা আইয়ুবকে (৬২) উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
পরে পুলিশ জানায়, আত্মহত্যার জন্য আইয়ুব বিষ খেয়েছিলেন। আর তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে লেখা ছিল, সচিবের ‘গলাধাক্কা খেয়ে’ অপমানে তিনি এ পথ বেছে নিয়েছেন।
ওই ঘটনায় আইয়ুবের মামাতো ভাই আমিন হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
তবে গলাধাক্কার বিষয়টি অস্বীকার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বলেছেন, চিরকুটের বর্ণনার মত কোনো ঘটনা তার বাসা বা মন্ত্রণালয়ে ঘটেনি, তিনি সেই মুক্তিযোদ্ধাকে চেনেনও না।
