মুক্তিযোদ্ধার আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে কমিটি
সাতকানিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব খানের আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সচিবের ‘গলাধাক্কা খেয়ে’ অপমানে তিনি আত্মহত্যা করেছেন বলে তার কাছ থেকে পাওয়া একটি চিঠির বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “ঘটনার তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) শেখ মিজানুর রহমানকে প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত সংগ্রহ করে তিন দিনের মধ্যে আমাকে জানাতে বলেছি।”
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তোপখানা রোডের কর্ণফুলী হোটেলের ২০৪ নম্বর কক্ষের দরজা ভেঙে গুরুতর অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা আইয়ুবকে (৬২) উদ্ধার করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
সচিব এম এ হান্নান
এ ঘটনায় আইয়ুবের মামাতো ভাই আমিন হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।
অপমানিত হয়ে এই মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় সচিবের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা। আর প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার।
তবে গলাধাক্কার বিষয়টি অস্বীকার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান বলেছেন, এ ধরনের কোন ঘটনা তিনি মনে করতে পারছেন না।
তিনি দাবি করেছেন, ওই মুক্তিযোদ্ধা চিরকুটে যে বর্ণনা দিয়ে গেছেন সে রকম ঘটনা তার বাসায় বা মন্ত্রণালয়ে ঘটেনি, তিনি তাকে চেনেনও না।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, “প্রতিদিন অনেক মানুষ মন্ত্রণালয়ে আসেন, মন্ত্রী ও আমার সঙ্গে দেখা করেন। ওই মুক্তিযোদ্ধাও আসতে পারেন। তবে যেসব কথা বিভিন্ন পত্রিকায় লেখা হয়েছে সেরকম কোনো ঘটনা আমার জানা নেই।”
