শিল্প এলাকায় বুধবার ব্যাংক খোলা
এবার শবে কদরে সরকারি ছুটির দিনও ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ব্যাংকগুলো খোলা থাকবে।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী বুধবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।
ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধায় ১৫ জুলাই ব্যাংক খোলা রাখার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
ছুটির দিন হওয়ায় ওই দিন অফিস কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে ‘সম্মানজনক ও যুক্তিসংগত ভাতা’ দিতেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়াও বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং বাংলাদেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।
