রাজশাহীর জেল সুপার ও জেলারের বিরুদ্ধে আদালতে অভিযোগ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলার শাহাদাত হোসেনসহ চার জনের বিরুদ্ধে আদালতে নির্যাতনের অভিযোগ করেছেন এক কারা কর্মচারী
বাকি দুজন হলেন- কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ হোসেনুজ্জামান ও কারা সুবেদার আবদুল মালেক।
মীর্জা হীরা নামে ওই কারারক্ষী গত ৭ জুলাই রাজশাহীর মুখ্য মহানগর হাকিম (খ অঞ্চল) আদালতে অভিযোগটি দায়ের করেন। তবে বিষয়টি প্রকাশে আসে বৃহস্পতিবার।
বিচারক খালিদ হাসান অভিযোগকারীর বক্তব্য শুনে আগামী ২৮ জুলাই তাকে সাক্ষীসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
হীরার আইনজীবী এজাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগের সত্যতা যাচাইয়ে জন্য তদন্তের প্রয়োজন বলে বিচারক আদেশে জানিয়েছেন।”
অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে কী না, সাক্ষীদের বক্তব্য শুনে আদালত সে সিদ্ধান্ত দেবে বলে এ আইনজীবী জানান ।
হীরা বলছেন, গত ১১ জুন ‘জরুরি প্রয়োজনে’ তিনি ছুটির জন্য আবেদন করেন। ছুটি মঞ্জুর না হলেও ১২ জুন তিনি গ্রামের বাড়ি চলে যান। পরে ১৯ জুন ফিরে কর্মস্থলে যোগ দিতে গিয়ে জানতে পারেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলামের কাছে এর কারণ জানতে চাইলে হীরাকে রিজার্ভ ব্যারাকে নিয়ে ‘জেল সুপারের’ নির্দেশে অন্য তিনজন নির্যাতন করেন বলে আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়েছে।
তবে নির্যাতনের কথা অস্বীকার করে শফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ অভিযোগের বিষয়টি তার জানা নেই।
জেল সুপার বলছেন, হীরার বিরুদ্ধে পাবনায় একটি বিভাগীয় মামলা রয়েছে। ওই মামলায় হাজির হওয়ার তারিখ ছিল ১৬ জুন। সেখানে উপস্থিত থাকার জন্যই ছুটি না নিয়ে তিনি পালিয়েছিলেন।
হীরার ছুটির কোনো অবেদন কারা কর্তৃপক্ষ পায়নি দাবি করে তিনি বলেন, “পালিয়ে যাওয়ার পর কারাবিধি অনুযায়ী এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।”
শফিকুল ইসলাম খান বলেন, কেউ কর্মস্থলে না থাকলে তাকে বরখাস্ত করা যায় না। এ কারণে ১৯ জুন কর্মস্থলে ফেরার পর হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর ‘পালিয়ে যাওয়ার’ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
