২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিকলে বাঁধা কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

বরগুনার সদর উপজেলায় চুরির অভিযোগে শিকলে বেঁধে রাখার আট দিন পর ১৩ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ী ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:41 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার কুড়াপট্টি এলাকার ব্যবসায়ী পনু হাওলাদার ও তার ছেলে সোহাগ। পনু বরগুনা শহরের কুড়াপট্টি রাইস মিলের মালিক।

বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন জানান, শুক্রবার রাতে কুড়াপট্টি এলাকায় ব্যবসায়ী পনুর বাড়ি থেকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

উদ্ধার ওই কিশোরের (বয়স ১৮ বছরের কম হওয়ায় নাম প্রকাশ করা হল না)  বাড়ি সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের নলী চরকগাছিয়া গ্রামে।

ওসি বলেন, উদ্ধার ওই কিশোর এক সময় পনু হাওলাদারের রাইস মিলে কাজ করত। হঠাৎ একদিন পনুর বাসা থেকে দুটো মোবাইল ফোন চুরি হয়, যার পর থেকে কিশোরটিকেও আর পাওয়া যায়নি।

“গত ১৮ জুন বরগুনা শহরে ওই কিশোরকে দেখতে পেয়ে ব্যবসায়ী পনুর ভাগ্নে রোকন তাকে আটক করে। এ সময় তার কাছে চুরি যাওয়া মোবাইল ফোনের একটি পাওয়া যায়। এরপর পনু হাওলাদারের বাসায় নিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।”

খবর পেয়ে পুলিশ শুক্রবার রাত ১০টার দিকে ওই বাসা থেকে তাকে উদ্ধার এবং পনু ও তার ছেলে সোহাগকে আটক করে বলে জানান ওসি রিয়াজ।

পুলিশ কর্মকর্তা রিয়াজ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে শনিবার পনু ও সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।