চট্টগ্রামে পানিবন্দি ১০ উপজেলার মানুষ
পাঁচ দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ১০টি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
গত পাঁচ দির ধরে বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, আনোয়ারা, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলা প্লাবিত হয়।
এদিকে শুক্রবারও বন্ধ ছিল কেরানীহাট-বান্দরবান এবং সাতকানিয়া-বাঁশখালী সড়কে যান চলাচল।
সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়ার কয়েকটি গ্রাম থেকে পানিবন্দি কয়েক হাজার গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্র ও স্থানীয় স্কুলগুলোতে। এসব উপজেলার ফসলি জমি, পুকুর ও প্রধান কয়েকটি সড়ক এখন পানির নিচে।
সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে সাতকানিয়া উপজেলার আমিলাইশ, কেওচিয়া, বাজালিয়া, নলুয়া, ঢেমশা ও ধর্মপুর (আংশিক) ইউনিয়ন।
তিনি বলেন, “গত দুই দিন বাড়ি-ঘরে চুলা জ্বলেনি। এমনকি টিউবওয়েলও পানির নিচে। ইউনিয়নে মৌলভির দোকান থেকে দুরদুরিয়া হয়ে বাঁশখালীমুখী সড়কের একাংশ ছাড়া বাকি সব সড়ক পানির নিচে।”
সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শঙ্খ ও ডলু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
“কেরানীহাট-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ আছে। প্রায় চার হাজার লোককে সাইক্লোন সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু শুকনো খাবার বিতরণ করা হয়েছে।”
শঙ্খ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী তীরবর্তী চন্দনাইশ উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
শুক্রবারও জলমগ্ন ছিল দক্ষিণ হাশিমপুর ও কাঞ্চনা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক।
চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা সনজীদা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আজ (শুক্রবার) বৃষ্টি হয়নি। তবে শঙ্খ তীরের দোহাজারী, ধোপাছড়ি ও বৈলতলী ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
“নদী তীরের সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু এলাকায় থাকা কিছু ঘরবাড়িও নষ্ট হয়েছে।”
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার বেশকিছু ফসলি জমি তলিয়ে গেছে। মাঠে থাকা ফসল ও বীজতলা নষ্ট হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ডলু নদীতে পাহাড়ি ঢলের কারণে এ তিন ইউনিয়নের সব মাঠ ও সড়ক পানির নিচে চলে গেছে। কিছু পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
হালদা নদীর পানি বাড়ায় ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, রোসাংগিরি, হারুয়ালছড়ি, নারায়ণহাট ও দাঁতমারা এলাকার কৃষি জমি প্লাবিত হয়েছে।
রাউজান উপজেলার উত্তর অংশের প্রায় সব ইউনিয়নের পুকুরের মাছ ভেসে গেছে বানের পানিতে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
“আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, রাউজান ও হাটহাজারীর বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার আরও বেশি পরিমাণে ত্রাণ দেওয়া হবে।”
