২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউএসআইএস পুরস্কার জনগণকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

জাতীয় তথ্য বাতায়নের জন্য ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 05:20 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

সোমবার জাতীয় সংসদে মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এসময় বলেন, ডিজিটাল বাংলাদেশ কোন স্বপ্ন নয়, এটি বাস্তবতা। দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল স্তরের জনগণ আজ এর সুফল পেতে শুরু করেছেন।

“২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, ডব্লিউএসআইএস পুরস্কার সেই স্বপ্ন পূরণের পথে একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন আমাদের সকলের। তাই আমি দেশবাসীর প্রতি এই আন্তর্জাতিক স্বীকৃতি উৎসর্গ করছি।”

এ সময় ভারতের বিরুদ্ধে বাংলাদেশ দলের একদিনের ক্রিকেটের সিরিজ জয়ে ‘বিশ্ব দরবারে একটি নতুন যুগের সূচনা হয়েছে’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী কার্যা‌লয়ের অধীনে পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির একটি প্রকল্প জাতীয় তথ্য বাতায়ন।

বাংলাদেশ থেকে এই প্রকল্প ডব্লিউএসআইএস পুরস্কার পেয়েছে।

জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদরদপ্তর জেনেভায় গত ২৬ মে বাংলাদেশের প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার, এটুআই কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা প্রমুখ। 

২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি করা জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের ‘অন্যতম বৃহত্তম পোর্টাল’। জাতীয় তথ্য বাতায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তরসহ বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন তথ্য ও ওয়েবসাইটের লিংক থাকবে।

পুরস্কারের বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নসহ আমেরিকা, চিন, জার্মানি, ইন্দোনেশিয়া, মিশর, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি এবং পোল্যান্ডের ৪৬টি উদ্ভাবনী প্রকল্প মনোনীত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ও বিশ্বব্যাপী সৃজনশীল উদ্ভোবনী উদ্যোগের বিকালে ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি কাজ করে যাচ্ছে। এদের পুরস্কার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে দেখা হয়।