বাহুবলে সংঘর্ষের ঘটনায় র্যাবের মামলা
হবিগঞ্জের বাহুবল উপজেলায় স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে র্যাব।
বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই জাহাঙ্গীর বাদী ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মামলা করার বিষয়টি নিশ্চিত করে র্যাব।
বাহুবল উপজেলার বড়গাঁওয়ে রশিদ গ্যাস ফিল্ড এলাকায় বুধবার এ সংঘর্ষ হয়। এতে র্যাবের তিন সদস্য আহত হন।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুন জামায়াতের হরতালে হবিগঞ্জের বাহুবল এলাকায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার এডিশনাল পুলিশ সুপার মনির হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল টহল দিচ্ছিল।
সকাল ১০টায় বাহুবল থানার একটি মামলার বাদী সিলেটের মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল আউয়াল মোবাইল ফোনে র্যাবকে জানান, ওই মামলার আসামি চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী আলাউর রহমান শাহেদের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বড়গাঁও রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় এসে দুই কোটি টাকা চাঁদা দাবি করছে।
চাঁদা না দেওয়ায় আলাউর রহমান শাহেদ দলবল নিয়ে তার লোকজনকে মারধর শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন।
এ সংবাদ পেয়ে র্যাব শাহেদকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় শাহেদের নেতৃত্বে সন্ত্রাসীরা র্যাব টহল দলের উপর হামলা চালায়। পরে গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহেদকে আটক করে।
ওসি মোশাররফ বলেন, বুধবার রাতে সিলেটের মেসার্স আনাস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল আউয়াল ও র্যাব বাদী হয়ে শাহেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
