জাফরুল্লাহকে গ্রেপ্তারে পরোয়ানা
বিচার মেনে জরিমানা না দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার শাস্তি হিসেবে এক ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার শাস্তির পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেছিল যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল-২।
গত ১০ জুন ওই সাজা দেওয়ার পর সপ্তাহ পেরিয়ে গেলেও জাফরুল্লাহ জরিমানা না দেওয়ায় বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন তিন সদস্যের ওই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মো. আফতাবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আদালত অবমানার দায়ে ট্রাইব্যুনাল জাফরুল্লাহ চৌধুরীকে সাত দিনের মধ্যে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছিল। এই আদেশ প্রতিপালন না করায় জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে টাইব্যুনাল।”
গত ১০ জুন সাজার আদেশের পর সাংবাদিকদের সামনে জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)
এদিকে জরিমানার আদেশ স্থগিত চেয়ে সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুসারে আপিল বিভাগে আবেদন করেন জাফরুল্লাহ। ১৬ জুন চেম্বার বিচারপতি ওই জরিমানার আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এ বিষয়টি জানানো হলে আফতাবুজ্জামান বলেন, “এ আদেশ ট্রাইব্যুনালে এখনও পৌঁছেনি।আবেদনকারীও বিষয়টি অবহিত করেনি।”
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেওয়ায় জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আদালত।
আদেশে বলা হয়, পাঁচ হাজার টাকা জরিমানা না দিলে একমাস জেল খাটতে হবে জাফরুল্লাহকে।
তবে ১০ জুন আদালতের আদেশের পর জাফরুল্লাহ বলেছিলেন, তিনি জরিমানা দেবেন না, আপিল করবেন।
