শেরপুরে ভোগাই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
টানা ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাঈদ মোল্লা জানান, মঙ্গলবার মধ্যরাতে খালভাঙা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭০ ফুট অংশে আকস্মিক ভাঙন দেখা দেয়।
এতে নালিতাবাড়ী সদর, মরিচপুরান, যোগানিয়া ও কলসপাড় ইউনিয়নের ২০টি গ্রামে পানি ঢুকে পড়ে।
শেরপুরে ভোগাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এলাকা পরিদর্শনে স্থানীয় জনপ্রতিনিধিরা
তবে রাতে বাঁধ ভেঙে পানি গ্রামগুলোতে ঢুকে পড়লেও সকালের দিকে এই পানি কমের দিকে রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শেরপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল আলাম চৌধুরী।
নালিতাবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুখলেছুর রহমান রিপন বাঁধ ভাঙা এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, “বর্তমানে মাঠে কোনো ফসল না থাকায় ক্ষয়ক্ষতির আশংকা কম। তবে পুকুরের মাছ ও গ্রামের রাস্তাঘাটের ক্ষতি হতে পারে।”
ক্ষয়ক্ষতি নিরুপণ ও জরুরিভিত্তিতে বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানোর পাশাপাশি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
