বংশালে আ. লীগ নেতাকে ‘যুবলীগ নেতার’ গুলি
রাজধানীর বংশালে এক যুবলীগ নেতার গুলিতে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত হাজী মো. রিপনকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন তার বড় ভাই হাজী মো. লাভলু।
তার দাবি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক এ ঘটনা ঘটিয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার দুপুরে রিপনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে দুটি ও বাঁ হাতে একটি গুলি লেগেছে।”
আহতের বড় ভাই লাভলুর বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বলেন, “বংশালের ২৯/১ মালিটোলা লেইনে রিপনদের বাসা। দুপুরে ওই রাস্তার একটি ফোমের দোকানে তিনি বসে ছিলেন। এ সময় যুবলীগের আশিক এসে তাকে গুলি করে চলে যায়।”
তবে কেন রিপনকে গুলি করা হয়েছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
এ বিষয়ে কথা বলার জন্য যুবলীগ নেতা আশিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
