ইংরেজিতে পারদর্শিতার অভাব কল সেন্টারের অন্তরায়: কাদের
প্রশিক্ষিত ও ইংরেজিতে পারদর্শী লোকবলের স্বল্পতা বাংলাদেশে কল সেন্টার ব্যবসার বড় ‘অন্তরায়’ বলে জানিয়েছেন সংসদ কাজে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “২০০৮ সালে বাংলাদেশে প্রথম কল সেন্টার লাইসেন্স দেওয়া হয়। এ পর্যন্ত ২৮২টি লাইসেন্স দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে অনেক বেকার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রশিক্ষিত এবং ইংরেজিতে পারদর্শী এজেন্টের স্বল্পতা একটি বড় অন্তরায়।”
ওবায়দুল কাদের জানান, কল সেন্টার শিল্পের জন্য দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিটিআরসি ইতোমধ্যে কল সেন্টার ট্রেনিং ইন্সটিটিউট (সিসিটিআই) নীতিমালা প্রণয়ন করেছে এবং পাঁচটি প্রতিষ্ঠানকে ট্রেইনিং সেন্টারের লাইসেন্স দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ ডাক বিভাগে বর্তমানে দুই হাজার ৯৬৭টি পদ শূন্য রয়েছে।
তিনি জানান, ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবাগ্রহিতা ছিল ৩৫ দশমিক ৬৪ মিলিয়ন, যা বৃদ্ধি পেয়ে এ বছর এপ্রিলে ৪৪ দশমিক ২২ মিলিয়নে দাঁড়িয়েছে।
জনস্বার্থে বিভিন্ন ধাপে ব্যান্ডউইডথের মূল্য প্রতি এমবিপিএস ২৭ হাজার টাকা থেকে সর্বনিম্ন ৬১২ টাকা পর্যন্ত করা হয়েছে বলে সংসদকে জানান মন্ত্রী।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত পাঁচ বছরে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে বিটিআরসি মোট ১৮টি মামলা করেছে, যেসব মামলায় আসামির সংখ্যা ৭৬ জন।
এছাড়া বিভিন্ন থানায় করা মামলার মধ্যে থেকে বিটিআরসি ১৫৫টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমতি দিয়েছে, যেখানে আসামির সংখ্যা আনুমানিক ৪৫০ জন বলে জানান ওবায়দুল কাদের।
