শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার
দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজে শিক্ষক হতে আগ্রহী ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন এতে অংশ নেবেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল পর্যায় এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা হবে।
এবারই প্রথমবারের মতো আলাদাভাবে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হচ্ছে, কেবল প্রিলিমিনারিতে উত্তীর্ণদেরই লিখিত পরীক্ষাই ঢাকায় হবে।
আগে একইসঙ্গে এক ঘণ্টার এমসিকিউ এর পরের তিন ঘণ্টা লিখিত পরীক্ষা নেওয়া হত।
বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হবে। ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এই পরীক্ষা নেওয়া শুরু করে।
আগে এই সনদের মেয়াদ পাঁচ বছর থাকলেও ২০১৩ সালের ১৩ জুন সনদের মেয়াদ আজীবন করে সরকার।
