২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির স্বস্তি ধুয়ে গেল রাস্তায়

কয়েকদিনের তাপদাহের পর মুষলধারে বৃষ্টি রাজধানীতে যে স্বস্তি নিয়ে এল, অল্প সময়েই তা ধুয়ে গেল রাস্তার জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 01:57 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

পুরনো খবর:

টানা বর্ষণে ভোগান্তিতে চট্টগ্রামবাসী
প্রবল বৃষ্টিতে নাকাল ঢাকা, নৌপথে ছোট লঞ্চ বন্ধ
চট্টগ্রামেও ভারি বর্ষণ
দুই দিনের বৃষ্টিতে সিলেট নগরী থৈ থৈ

বুধবার কয়েক দফায় হালকা বৃষ্টির দেখা মিললেও বৃহস্পতিবার ভোরের দিকে শুরু হয় ভারি বর্ষণ। এরইমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে চারদিক অন্ধকার করে রাজধানীতে প্রবল বাতাস নিয়ে শুরু হয় বজ্রবৃষ্টি।

এতে অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজমুখী শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। বিভিন্ন সড়কে পানি জমে গিয়ে সৃষ্টি হয় যানজট। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকার সদরঘাট থেকে ৩৭টি রুটে ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুলিশ প্লাজা কনকর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকালে গুলশানে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুটিং ক্লাবের উল্টো দিকের পার্কের ভেতরে ওই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও মধ্যরাতের পর থেকে কয়েক দফার বৃষ্টিতে সেখানে পানি জমে যাওয়ায় শেষ পর্যন্ত ভেন্যু বদলে পুলিশ প্লাজার অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়।

আবহাওয়া অধিদপ্তরের একজন পূর্বাভাস কর্মকর্তা জানান, রাজধানীতে সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকার বাইরে থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। সেখানে ১৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কাজী মোবারক হোসেন আজিমপুর থেকে জানান, বৃষ্টির মধ্যে যানবাহন না পেয়ে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে বিপাকে পড়েন অভিভাবকরা।

Image
বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় জলাবদ্ধতা; তারই মধ্যে রাস্তায় বিপাকে পড়েছেন এক নারী। ছবি: আসিফ মাহমুদ অভি

বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় জলাবদ্ধতা; তারই মধ্যে রাস্তায় বিপাকে পড়েছেন এক নারী। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
ঢাকার কাজীপাড়ায় রোকেয়া সরণিতেও জমেছে পানি; অফিস শুরুর সময় কয়েকজন নারীকে পানি ভেঙে বাসে উঠতে দেখা যাচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

ঢাকার কাজীপাড়ায় রোকেয়া সরণিতেও জমেছে পানি; অফিস শুরুর সময় কয়েকজন নারীকে পানি ভেঙে বাসে উঠতে দেখা যাচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

মাঝে মাঝে দুই-একটি রিকশার দেখা মিললেও চালকরা ভাড়া হাঁকান দেড়-দুই গুণ। বাসগুলোতেও তখন ওঠার উপায় নেই।

আজিমপুর ছাপড়া মসজিদ মোড়ে সে সময় সিটি কলেজের দুই ছাত্রীকে বৃষ্টিতে ভিজেই যানবাহনের অপেক্ষায় থাকতে দেখা যায়।

এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে তার পরীক্ষা শুরু হওয়ার কথা। প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও তিনি রিকশা-বাস কিছুই পাননি।

প্রবল বৃষ্টিতে কেন্দ্রীয় শহীদ মিনার, পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, উর্দু রোড, গুলিস্থান নাট্যমঞ্চের সামনের রাস্তা, শান্তিনগর, মালিবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যায় বলে আমাদের প্রতিবেদক কামাল তালুকদার জানান।

নাজিমুদ্দিন রোড পানি জমে যাওয়ায় চকবাজার থেকে গুলিস্তানের পথে টেম্পো চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

বিজন নামে এক চালক জানান, ইঞ্জিন ডুবে গেলে গাড়ি বন্ধ হয়ে যায়। এ কারণে তারা গাড়ি বন্ধ রেখেছেন।

একই পরিস্থিতি দেখা যায় রাজধানীর নিউ মার্কেট, জিগাতলা ও মোহাম্মদপুর এলাকায়।  রাস্তায় পানি জমে থাকায় নিউ মার্কেট থেকে আসাদ গেট পর্যন্ত সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট।

Image
টানা বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় জলাবদ্ধতা; দ্রুত পানি সরাতে বেগম রোকেয়া সরণির ম্যানহোলের ঢাকলাগুলো খোলা রাখায় পথচারীদের বিপদ বেড়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

টানা বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় জলাবদ্ধতা; দ্রুত পানি সরাতে বেগম রোকেয়া সরণির ম্যানহোলের ঢাকলাগুলো খোলা রাখায় পথচারীদের বিপদ বেড়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়ায় বেগম রোকেয়া সরণিতে জলাবদ্ধতা ও যানজট। ছবি: আসিফ মাহমুদ অভি

বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়ায় বেগম রোকেয়া সরণিতে জলাবদ্ধতা ও যানজট। ছবি: আসিফ মাহমুদ অভি

আমাদের প্রতিবেদক সাজিদুল হক জানান, বৃষ্টির কারণে সকালে নিউ মার্কেটের সামনের রাস্তায় পানি জমে যায়। পাম্প চালিয়ে মার্কেটের ভেতরের খালি জায়গা থেকেও পানি সরাতে দেখা যায়।

উত্তরা থেকে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, বিমানবন্দরের সামনে এবং উল্টো দিকের বাসস্ট্যান্ডের সামনে পানি জমে যাওয়ায় সড়কের দুই দিকেই তীব্র যানজট দেখা দেয়। উত্তরা এক নম্বর সেক্টরের কাছে রাস্তায় গাছ ভেঙে পড়ায় পরিস্থিতি আরও মারাত্মক রূপ নেয়।

পানি আটকে যাওয়ায় মিরপুর, শ্যামলী ও মতিঝিলেও যানজটের খবর জানিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক চৌধুরী।

মিরপুর-১ থেকে গুলিস্থানগামী যাত্রী সজীব জোয়ার্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টায় মিরপুর-১ থেকে বাসে উঠেছি। দেড়টার সময় ফার্মগেইট পর্যন্ত আসতে পেরেছি। জানি না গুলিস্থান পৌঁছাতে কতদিন লাগবে।”

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মঞ্জুর রহমান জানান, মূল সড়ক ছাড়াও অলিগলিতে পানি জমে যাওয়ায় যানবাহন আটকে আছে। ট্রাফিক নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

পূর্বাভাস যা বলছে

দিনের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, ও সিলেট অঞ্চলে পশ্চিম ও উত্তর-টশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে ভারি বৃষ্টি।

Image
বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় বেগম রোকেয়া সরণিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে ধীরগতি, এরই মধ্যে রিকশা ও স্কুলভ্যানকে উল্টো পথে যেতে দেখা যাচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

বৃষ্টিতে ঢাকার কাজীপাড়ায় বেগম রোকেয়া সরণিতে জলাবদ্ধতায় যানবাহন চলাচলে ধীরগতি, এরই মধ্যে রিকশা ও স্কুলভ্যানকে উল্টো পথে যেতে দেখা যাচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

Image
ভোররাত থেকে টানা বৃষ্টি; কালো মেঘ ঢেকে দিয়েছে সকালের সূর্য। কাজীপাড়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে বাস, পানি কেটে বাইকে অফিসগামী। ছবি: আসিফ মাহমুদ অভি

ভোররাত থেকে টানা বৃষ্টি; কালো মেঘ ঢেকে দিয়েছে সকালের সূর্য। কাজীপাড়ায় হেডলাইট জ্বালিয়ে চলছে বাস, পানি কেটে বাইকে অফিসগামী। ছবি: আসিফ মাহমুদ অভি

এই অবস্থায় নদী উত্তাল থাকতে পারে বলে দেশের সব নৌবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের একজন পূর্বাভাস কর্মকর্তা বলেন, “মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় মৌসুমি বায়ু সারা দেশে বিস্তৃত হবে। ফলে এ সময়টায় আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।”

বৃষ্টির কারণে দেশের প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা কমে স্বস্তি ফিরেছে। বুধবার ঢাকার তাপমাত্রা যেখানে সর্বোচ্চ  ৩১.২ ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে বৃহস্পতিবার দুপুরে উষ্ণতা রেকর্ড করা হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

লঞ্চ বন্ধ

সকালে প্রবল বৃষ্টি শুরুর পরপরই ঢাকার সদরঘাট ও নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদারকে বলেন, “খারাপ আবহাওয়ার কারণে আমরা নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছি।”

Image
টানা বৃষ্টিতে ঢাকার শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা; পানি কেটে গাড়ি চলছে ধীরগতিতে। ছবি: নয়ন কুমার

টানা বৃষ্টিতে ঢাকার শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা; পানি কেটে গাড়ি চলছে ধীরগতিতে। ছবি: নয়ন কুমার

Image
টানা বৃষ্টিতে ঢাকার শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা; রাস্তা ডুবে গিয়ে পানি উঠেছে ফুটপাতেও। ছবি: নয়ন কুমার

টানা বৃষ্টিতে ঢাকার শান্তিনগর এলাকায় জলাবদ্ধতা; রাস্তা ডুবে গিয়ে পানি উঠেছে ফুটপাতেও। ছবি: নয়ন কুমার

বিআইডব্লিউটিএর সময় নিয়ন্ত্রক আলমগীর হোসেন বলেন, “আবহাওয়ার কারণে নৌবন্দরগুলোতে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল নিষেধ।”

তিনি জানান, সদরঘাট থেকে চাঁদপুরের রুটের বড় লঞ্চগুলো সকালে ছেড়ে যায়। এ রুটের অধিকাংশ লঞ্চের দৈর্ঘ্য ১০০ ফুটের বেশি।

“নারায়ণগঞ্জ-মতলব, দৌলতদিয়া-কাওড়াকান্দিসহ কয়েকটি পথে চলাচলকারী লঞ্চের দৈর্ঘ্য ৪০-৪৫ ফুট। এগুলো ছাড়া হবে না।”

চাঁদপুর নৌ বন্দরের কর্মকর্তা মোবারক হোসেন আমাদের জেলা প্রতিনিধি আল ইমরান শোভনকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌ-রূটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।