২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও ভারি বর্ষণ

আষাঢ়ের আগে বৃহস্পতিবার ভোররাত থেকে বাংলাদেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত শুরু হলেও চট্টগ্রামে তীব্র তাপদাহ শেষে দুপুর থেকে শুরু হয়েছে মৌসুমের প্রথম ভারি বর্ষণ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 05:23 PM

Updated : 12 Oct 2022, 03:49 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিক থেকে নগরীসহ জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, পটিয়া, সীতাকুণ্ডসহ কয়েকটি উপজেলায় বৃষ্টি শুরু হয়। এর আগে সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল মেঘলা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে মূলত মঙ্গলবার থেকেই চট্টগ্রামের আকাশে মেঘের আনাগোনা ছিল। কোথাও কোথাও কয়েক মিনিটের জন্য হালকা বৃষ্টিও হয়েছিল।

তবে টানা কয়েকদিন তাপদাহের পর বৃহস্পতিবারের বৃষ্টিই তাপমাত্রা কমিয়ে জনমনে স্বস্তি নিয়ে আসে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামী শনিবার পর্যন্ত এ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বলেন, দুপুরে বৃষ্টি শুরুর পর বেলা ১টা পর্যন্ত এক ঘণ্টায় নগরীতে তিন দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী দুই দিনে তা আরও ছড়িয়ে পড়বে; ফলে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে।”

সপ্তাহ খানেক ধরে চট্টগ্রামের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিহীন মেঘলা আকাশে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমে নগরীবাসীদের ভোগান্তি পোহাতে হয়।

এরপর মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার দুপুরে প্রথমে হালকা বৃষ্টি শুরু হলে তাতে নগরবাসীদের ভিজতে দেখা যায়।

স্কুলফেরত শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন পথচারীদেরও হাসিমুখে বৃষ্টিতে ভিজতে দেখা যায়। কাউকে কাউকে বাসার ছাদে উঠে বৃষ্টিতে প্রশান্তি খুঁজতে দেখা গেছে।

বৃষ্টিতে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

তবে কিছুক্ষণ পর থেকে বৃষ্টির বেগ বাড়তে থাকে এবং বেলা ১টার দিকে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়।

এতে নগরীর কয়েকটি নিচু এলাকায় সড়কের ওপর পানি জমতে শুরু করে। নগরবাসীর আশঙ্কা ঘণ্টাখানেক এ রকম ভারী বর্ষণ হলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বার্তায়ও চট্টগ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এর আগে ভোররাত থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভারি বর্ষণ শুরু হয়। কয়েকদিনের তীব্র তাপদাহের পর বৃষ্টিতে তাপমাত্রা কমে আসায় কিছুটা স্বস্তি মিললেও রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় তা ভোগান্তিতে রূপ নেয়।