২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে ভোগান্তিতে চট্টগ্রামবাসী

মৌসুমের প্রথম ভারি বর্ষণে সড়কের জলাবদ্ধতায় সৃষ্ট যানজট আর যানবাহন সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে বন্দর নগরীর বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2015, 02:58 AM

Updated : 12 Oct 2022, 03:49 PM

কয়েকদিনের প্রচণ্ড গরমের পর বৃহস্পতিবার বেলা ১২টায় বৃষ্টি শুরু হলে জনমনে স্বস্তি ফিরে আসে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে বর্ষণের মাত্রা এবং দুর্ভোগও।

এর সঙ্গে যোগ হয় ভারি বর্ষণের কারণে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা নষ্ট হওয়ার ভোগান্তি।

বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানান সহকারী আবহাওয়াবিদ হারুন আর রশিদ।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আছে। আগামী দুই দিনে তা আরও ছড়িয়ে পড়বে। তাই শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

এদিকে বর্ষণের পর তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহ দুয়েক ধরে বন্দর নগরীতে তীব্র গরম অনুভূত হচ্ছিল। তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আদ্রতা বেশি থাকায় অস্বস্তির মাত্রা ছিল বেশি।  

বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর আকাশ ছিল মেঘলা। বেলা ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। বেলা ১টার দিকে প্রবল বর্ষণ শুরু হয়।

সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অনেকে বের হন ছাতা ছাড়াই। মৌসুমের প্রথম বর্ষণে অনেককে ভিজতেও দেখা গেছে।

কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। সঙ্গে ছিল দমকা বাতাস আর বজ্রপাত। স্কুল-কলেজ ফেরত শিক্ষার্থী আর অভিভাবকরা পড়েন চরম ভোগান্তিতে।

বেলা ২টার দিকে নগরীর প্রবর্তক মোড়, কাপাসগোলা, মুরাদপুর, দুই নম্বর গেট, এনায়েত বাজার মোড়, হালিশহর ও বাকলিয়ার কিছু অংশে সড়কে পানি জমে যায়।

সড়কে জমে থাকা পানিতে একের পর এক বিকল হতে থাকে সিএনজি চালিত অটোরিকশা। সড়ক থেকে এসব গাড়ি সরিয়ে নেওয়ার ফাঁকে শুরু হয় যানজট।

এরপর বিকাল ৪টা পর্যন্ত জিইসি থেকে মোহাম্মদপুর পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এ সময় মোড়ে মোড়ে শত শত যাত্রীকে অপেক্ষমান থাকতে দেখা গেছে।

অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে সড়কে জমে থাকা পানি ভেঙে হেঁটেই রওনা হন গন্তব্যে।

বিকালে বৃষ্টি থামার পর বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করে।

রিকশা চালক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওয়াসার মোড় থেকে ভাড়া নিয়ে দুই নম্বর গেট যেতে এক ঘণ্টা লেগেছে।

২টার দিকে প্রবর্তক মোড়ে গৃহিনী সাদিয়া জাহান বলেন, “পাঁচলাইশে মেয়ের স্কুল। ছুটি হয়ে গেছে দেড়টায়। চারিদিকে পানি। কোনো গাড়িও যাচ্ছে না। মেয়ে বারবার ফোন করছে।”

বেলা আড়াইটার দিকে নগরীর এনায়েত বাজার মোড়ে কয়েকটি ব্যাংক কার্যালয়ের নিচে গ্রাহকদের ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আন্দরকিল্লা থেকে আসা গ্রাহক আবুল কালাম বলেন, “বৃষ্টিতে আটকে আছি। রাস্তায় একটাও খালি রিকশা নেই। অটোরিকশা যে কয়টা আছে সেগুলোর ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে গেছে।” 

প্রবর্তক মোড় থেকে দুই নম্বর গেট যাওয়ার পথে প্রবর্তক মোড়ের আশপাশে বিভিন্ন গলিতে জমে থাকা পানি দেখতে পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ সময় মেয়র স্থানীয়দের বলেন, সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব।

নগরবাসীকে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিকালে নগরীর আগ্রাবাদ মোড়, দেওয়ানহাট মোড়, টাইগারপাস ও নিউ মার্কেট এলাকায় অন্য দিনের তুলনায় গণপরিবহন কম দেখা গেছে।

আগ্রাবাদ থেকে নাসিরাবাদ যেতে অপেক্ষমান সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমনিতেই বাসের সংখ্যা খুব কম। বৃষ্টির কারণে অটোরিকশাও কমে গেছে। আধঘণ্টা দাঁড়িয়েও কোনো গাড়িতে উঠতে পারিনি।”