দুই দিনের বৃষ্টিতে সিলেট নগরী থৈ থৈ
পঞ্জিকার হিসাবে বর্ষা আসতে তিনদিন বাকি থাকলেও বুধবার থেকে টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৭ ঘণ্টায় সিলেটে ২৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ।
আর নগরীর ছড়া ও খাল ভরাট হয়ে যাওয়ায় নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপাড় এলাকা বৃষ্টির পানিয়ে তলিয়ে গেছে।
এছাড়া নগরীর সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়হোসেন, হাওয়াপাড়া, কলবাখানি, কুয়ারপাড়, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়াসহ নগরীর অন্তত ৫০টি এলাকায় পানি জমে থাকতে দেখা গেছে বৃহস্পতিবার দুপুরে।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পানি ভেঙে তাদের চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা বলছেন, নগরীর নাজুক ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন ছড়া-খাল দখলমুক্ত ও সংস্কার না হওয়ায় প্রতি বর্ষাতেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় নগরবাসীকে।
তারা বলছেন, সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ১১টি ছড়া ও খাল দিয়েই বর্ষার পানি নিষ্কাশন হয়। এর মধ্যে রয়েছে ধুবড়ি ছড়া, গুয়ালি ছড়া, মালনী ছড়া, ভূবি ছড়া, বারুতখানা ছড়া, মির্জাজাঙ্গাল ছড়া, কেওয়া ছড়া, বৈঠা ছড়া, গাভিয়াল খাল, রত্মারখাল ও বাবুর ছড়া।
এক সময় এসব ছড়া দিয়ে বর্ষা মৌসুমে বড় বড় নৌকায় মানুষ দূর-দূরান্তে যাতায়াত করত। কিন্তু এখন কোনো কোনোটির অস্তিত্ব এখন কেবল সিটি করপোরেশনের মানচিত্রে। বাকিগুলো ভরাট হয়ে সংকীর্ণ হয়ে পড়েছে।
ফলে এবার বর্ষায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন নগরীর বাসিন্দারা।
খোজারখলা এলাকার বাসিন্দা জুমাদিন আহমদ বলেন, শুষ্ক মৌসুমে ছড়া উদ্ধার ও জলাবদ্ধতা নিয়ে সিটি করপোরেশনের কোনো মাথাব্যথা না থাকলেও প্রতি বছর বর্ষা মৌসুমের আগে তড়িঘড়ি করে ছড়া সংস্কারের কাজ শুরু হয়।
সেই কাজ শুরুর আগেই বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত এ তোড়জোড় নগরবাসীর কোনো কাজে আসে না বলে মন্তব্য করেন তিনি।
ছড়া-খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসন সিলেট সিটি করপোরেশন বেশ কয়েকটি প্রকল্পের কাজ শেষ করলেও জলাবদ্ধতা কমেনি। এর কারণ হিসাবে করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবকে দায়ী করেছেন।
এছাড়া নগরীর ৫৬৮ কিলোমিটার সড়কের মধ্যে ৪৭৫ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজও শেষ হয়েছে।
প্রকৌশলী আজিজুর বলেন, “এখনও করপোরশন জলাবদ্ধতা নিরসনে ছড়া খননের কাজ করছে। কিন্তু জলাবদ্ধতা হচ্ছেই। আসলে দীর্ঘদিনের এ সমস্যা সমাধান করতে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা দরকার।”
