দুই বছর সময় চান মেয়র আনিসুল
ভোটের সময় যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ফল বাস্তবে দেখাতে নগরবাসীর কাছে দুই বছর সময় চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আনিসুল হক।
মঙ্গলবার সিটি করপোরেশন সংশ্লিষ্ট ২৫টি সংস্থার নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেছেন, “আমি আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ি কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপগুলো যথাযথভাবে নেওয়ার ওপর জোর দিয়েছি। আশা করি, দুই বছরের মধ্যে ঢাকাবাসী ভালো রেজাল্ট পাবে।”
বুধবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘একশন এইডের’ উদ্যোগে ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’ প্রচারণার বৈশ্বিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আনিসুল।
পাঁচ দিন আগে দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরুর কথা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ছয় মাসের মধ্যে নতুন মেয়রের ঢাকা উত্তরকেন্দ্রিক কার্যক্রম ‘সুনির্দিষ্ট রূপ’ পাওয়া শুরু করবে।
“ছয় মাসের মধ্যে কাজকর্মগুলো একটা প্যার্টান পাবে। আপনাদের সহযোগিতা আমার এই কাজগুলোকে আরও এগিয়ে নেবে।”
ঢাকা সিটি করপোরেশন ভাগ হওয়ার পর ঢাকা উত্তরের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের ভোটের প্রচারের সময় বলেছিলেন, রাজধানীর সমস্যাগুলো সবারই জানা, এখন এর সমাধান করতে হবে। নিজের ভোটের প্রচারের শিরোনাম তিনি করেছিলেন ‘সমাধান যাত্রা’।
তিনি বুধবার বলেন, “আমরা চারটি বেসিক নিড ঠিক করেছি এই মুহূর্তের জন্য। ট্রাফিক, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি ও ফুটপাত। এ ব্যপারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
এফবিসিসিআই ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি আনিসুল হক অনেকটা চমক দেখিয়েই সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
গত ২৮ এপ্রিল ভোটগ্রহণের মাঝপর্যায়ে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন আনিসুলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
নির্বাচন সুষ্ঠু কতটুকু হয়েছে বলে মনে করেন- এই প্রশ্নের উত্তরে আনিসুল বলেন, “ছোটখাটো ত্রুটি কিছু ছিল। কিন্তু সার্বিক বিবেচনায় পারসেন্টেজ হিসেবে এটা ভালো নির্বাচন হয়েছে। অন্তত উত্তরেরর মেয়র নির্বাচনের ক্ষেত্রে এ কথা আমি জোর দিয়ে বলতে পারি।”
মেয়রপ্রার্থীদের নির্বাচনী ব্যয় নিয়ে টিআইবির প্রতিবেদনকে ‘পর্যাপ্ত তথ্যনির্ভর নয়’ বলে মন্তব্য করেছেন তিনি।
“টিআইবি এই প্রতিবেদন ঠিক কী কী বিষয়ের ভিত্তিতে করেছে, তা আমার জানা নেই। আমার নির্বাচনী খরচ ব্যয়সীমার মাঝেই ছিল। সমর্থকরা অনেক সময় নিজের উদ্যোগে ব্যানার, ফেস্টুন ইত্যাদিতে খরচ করে। সেগুলো তো আমার নির্বাচনী ব্যয়ের মধ্যে পড়ে না।”
নির্বাচন কমিশনের নেতৃত্বের দুর্বলতার কারণে সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি বলে টিআইবির পর্যবেক্ষণ। সেই সঙ্গে তারা দাবি করেছে, কয়েকজন প্রার্থী তাদের নির্ধারিত ব্যয়সীমার বহুগুণ বেশি অর্থ ব্যয় করেছেন।
