গাইবান্ধায় বিকল ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাস্তার পাশে রাখা বিকল একটি ট্রাকের সঙ্গে একটি বাসের ধাক্কা লেগে এক শিশুসহ দুইজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোবাবর রাত ১২টার দিকে ধাপেরহাটের বত্রিশমাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রেজাউল করিম জানান, হতাহতরা সবাই বাসযাত্রী ছিলেন। তবে কারও নাম পরিচয় তিনি জানাতে পারেননি।
আহতদের রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জিয়া ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
যাত্রীদের বরাত দিয়ে এএসআই রেজাউল জানান, বিকল হয়ে পড়ায় পাথরবোঝাই ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। আর রোমার পরিবহনের বাসটি কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকা যাচ্ছিল। রাতে চালক বুঝতে না পারায় বাসটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
