২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার: ৩০০ জনের তালিকা ধরে অভিযান

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আটকাভিযানের মধ্যে সাগর পথে অবৈধভাবে মানবপাচার বন্ধে ৩০০ পাচারকারীর তালিকা ধরে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 10:17 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

বাংলাদেশি-রোহিঙ্গা বোঝাই নৌকা ফিরিয়ে দিল ইন্দোনেশিয়া
দুই হাজার উদ্ধার, সাগরে ‘আটকা’ বহু অভিবাসী
সেন্টমার্টিন উপকূলে ১১৬ মালয়েশিয়াগামী উদ্ধার
মানব পাচারের ‘নতুন রুট’: শাহ আমানতে ১১ যাত্রী আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার পর পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে মানব পাচারকারীর এ তালিকা করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই তালিকার অধিকাংশই কক্সবাজার জেলার বাসিন্দা। এরা স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কক্সবাজার উপকূল দিয়ে মিয়ানমারের সীমান্ত হয়ে মালয়েশিয়ায় মানবপাচার করছিল বলে অভিযোগ।

গত সপ্তাহে থাইল্যান্ডে মানব পাচারকারীদের একটি বন্দি শিবিরের এক গণকবর থেকে ২৬ জনের দেহাবশেষ উদ্ধারের পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মানবপাচার ঠেকাতে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর গত ১০ দিনে কক্সবাজার জেলার সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পর্যন্ত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পাঁচজন।

পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ সদস্যরা মানব পাচারকারীদের বিরুদ্ধে পৃথকভাবে অভিযানে নেমেছেন।

পাচারকারীদের নির্মূলে অচিরেই বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত হয়েছে।

মানব পাচার ঠেকাতে সমুদ্রে মাছ ধরার নৌকা ও জেলেদের তালিকা করে নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

গত রোববার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত মানব পাচার প্রতিরোধ সংক্রান্ত টাস্কফোর্সের সভায় যৌথ অভিযানের সিদ্ধান্ত হয়।

অবৈধপথে মালয়েশিয়া পাঠানোর জন্য পাচারকারীরা চট্টগ্রাম ও কক্সবাজারের সমুদ্র সংলগ্ন ৬০টি পয়েন্ট থেকে লোকজনকে ট্রলারে তুলে দেয় বলে পুলিশ ও বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

Image
সোমবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তিন মানবপাচারকারীকে ধরে পুলিশ

সোমবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তিন মানবপাচারকারীকে ধরে পুলিশ

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তালিকা ধরে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। বিজিবি, র‌্যাব ও কোস্টগার্ডও তাদের অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, থাইল্যান্ডের জঙ্গলে অভিবাসীদের গণকবর পাওয়ার পর অবৈধভাবে মালয়েশিয়াগামীদের উদ্ধার এবং পাচারকারীদের ঠেকাতে নিয়মিত অভিযান আগের চেয়ে জোরদার করা হয়েছে।

পাচারকারীদের গ্রেপ্তারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাচারকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত ৩ মে থেকে বিশেষ অভিযান শুরু করেছে বলে কক্সবাজারের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমুদ্রপথে মানবপাচার ঠেকাতে আমরা সবসময়ই সচেতন। রোববার বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে সভা হয়েছে। পাচারকারীদের ধরতে শিগগিরই বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত হয় সেখানে।”

মানব পাচারকে ‘সামাজিক সমস্যা’ আখ্যা দিয়ে তা প্রতিরোধে স্থানীয়দের সহায়তা প্রত্যাশা করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ।

তিনি বলেন, শুধু কক্সবাজার নয়, চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলাগুলোতেও জড়ো করে মালয়েশিয়াগামীদের কাঠের ট্রলারে করে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী মিয়ানমার জল সীমান্তে অপেক্ষমাণ বড় ট্রলারে নেওয়া হয়।

পুলিশ ও বিজিবির কাছ থেকে পাওয়া তথ্য মতে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সমুদ্রতীরবর্তী মোট ৬০টি পয়েন্ট দিয়ে মানব পাচারকারীরা মালয়েশিয়াগামীদের জড়ো করে।  

পুলিশ কর্মকর্তা তোফায়েল বলেন, এসব কাজে বিভিন্ন পর্যায়ের তিনশর মতো পাচারকারী যুক্ত। এদের মধ্যে মিয়ানমারের নাগরিকও রয়েছেন।

তিনি বলেন, মানবপাচার ঠেকাতে কক্সবাজারে নিয়মিতভাবে অভিযান চালানো হয়। তবে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার হয়েছে।

গতবছরের ডিসেম্বরে পুলিশ সদরদপ্তরে মানবপাচার নিয়ে গঠিত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় দালালরা মালয়েশিয়া গমনেচ্ছুদের কাঠের ট্রলারে করে মিয়ানমার সীমান্তবর্তী গভীর সমুদ্রে অপেক্ষায় থাকা বড় ট্রলারে নিয়ে যায়। সেখানে আরেক শ্রেণির দালালের কাছে তাদের হস্তান্তর করা হয়। সেখান থেকেই শুরু হয় অনিশ্চিত যাত্রা।

অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেওয়ার সময়ে তারা মালয়েশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশের পাচারকারীদের মধ্যে হাতবদল হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে মালয়েশিয়াগামীদের জড়ো করার হার বেশি বলে ওই প্রতিবেদনে বলা হয়।

পুলিশের তথ্য মতে, এর বাইরে কক্সবাজার সদর উপজেলার নয়টি, মহেশাখালীর চারটি, উখিয়ার ছয়টি, টেকনাফের ১৭টি, চকরিয়ার দুটি, পেকুয়ার দুটি, চট্টগ্রাম জেলার পাঁচটি এবং নগরীর তিনটি পয়েন্ট দিয়ে মালয়েশিয়াগামীদের জড়ো করে ট্রলারে তুলে দেয় দালালেরা।  

এছাড়া নোয়াখালী, পটুয়াখালী, সাতক্ষীরা, খুলনা জেলার উপকূল থেকেও দালালরা মালয়েশিয়াগামীদের ট্রলারে করে মিয়ানমার সীমান্তবর্তী মানব পাচারকারীদের ট্রলারে তুলে দেয়।

Image
সোমবার রাতে চট্টগ্রাম নগরী থেকে আটক তিনজনের কাছে ৩০টি পাসপোর্ট পাওয়া যায়, যার ১৭টিতে লিবিয়ার জাল ভিসা রয়েছে

সোমবার রাতে চট্টগ্রাম নগরী থেকে আটক তিনজনের কাছে ৩০টি পাসপোর্ট পাওয়া যায়, যার ১৭টিতে লিবিয়ার জাল ভিসা রয়েছে

গত ৩ মে অভিযান শুরুর পর কক্সবাজারের অধিকাংশ শীর্ষ মানব পাচারকারী গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

২০১২ সাল থেকে গত এপ্রিল সময়ে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বা সেজন্য  জড়ো করা হয়েছিল এমন দুই হাজার ৯৪৫ জনকে কক্সবাজার জেলায় উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এসব ঘটনায় বিভিন্ন থানায় এক হাজার ৫৩১ জনকে আসামি করে মামলা হয়েছে ৩০৬টি, আর গ্রেপ্তার হয়েছে ৪৭৭জন।

তবে গ্রেপ্তারদের অধিকাংশই ট্রলারের মাঝিমাল্লা এবং মাঝারি পর্যায়ের দালাল।

টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমুদ্রপথে মানবপাচার রোধে অভিযান জোরদার করে চিহ্নিত পাচারকারীদের ধরার চেষ্টা চলছে।

তিনি বলেন, টেকনাফ থেকে সমুদ্রে মাছ ধরার ট্রলারে করে জেলের বেশে মালয়েশিয়াগামীদের গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়।

“তা ঠেকাতে কয়টি ট্রলার সমুদ্রে কতজন জেলে নিয়ে গভীর সমুদ্রে যাচ্ছে এবং ফিরে আসছে তার তালিকা করা হচ্ছে।”

এছাড়া সমুদ্রগামী জেলেদের তালিকাও করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের আইডি কার্ড এবং ট্রলারের রেজিস্ট্রেশন করার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে।

বিজিবির টহল জোরদার হওয়ায় টেকনাফ দিয়ে পাচারকারীরা তেমন সুবিধা করতে পারছেন না বলে মনে করেন বিজিবি কর্মকর্তা আবু জার।