২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা সেন্টার স্থাপনে জেডটিই কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি

তথ্যের সুরক্ষা ও তথ্য আদান-প্রদানের সর্বশেষ প্রযুক্তি সম্বলিত জাতীয় তথ্যকেন্দ্র (ন্যাশনাল ডেটা সেন্টার) স্থাপনে জেডটিই কনসোর্টিয়াম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে একটি চুক্তি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 01:19 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি খাতে তথ্য সংরক্ষণের জন্য আরও বড় পরিসরে ডেটা সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেবে।

“আমাদের ডেটার নিরাপত্তাও একটি বড় ইস্যু, যা ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করবে। ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে অব্যাহত রাখতে এবং আমাদের তথ্যের সুরক্ষার জন্য এই ন্যাশনাল ডেটা সেন্টার স্থাপন করা হচ্ছে।”

গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্ক প্রাঙ্গণে ১৯ কোটি ৪০ লাখ ডলারে বাস্তবায়িত হবে টিয়ার ফোর সার্টিফায়েড ন্যাশনাল ডেটা সেন্টার।

বিশ্বের পঞ্চম বৃহত্তম এই ডেটা সেন্টারে চাইনিজ এক্সিম ব্যাংকের ১৫ কোটি ৪০ লাখ ডলার এবং বাংলাদেশ সরকারের ৪ কোটি ডলার বিনিয়োগে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

পরিকল্পনা অনুসারে এই ডেটা সেন্টার স্থাপনে প্রয়োজন হবে ২০ একর জমি। সব ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই এর নির্মাণ কাজ শুরু করা যাবে বলে আশা করছে সরকার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  সচিব  শ্যাম সুন্দর সিকদার।

এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, জেডটিই কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট  সাবিন শ্রেষ্ঠা, জেডটিই কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার পরিচালক টিয়ান জুংজিয়ান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।