‘সবটুকু তোমার জন্য মাগো’
“আজ যেখানে দাঁড়িয়ে আছি সবটুকু তোমার জন্য মাগো… তুমি স্বপ্ন দেখতে শিখিয়েছ… স্বপ্ন পূরণের পথ দেখিয়েছ।”
‘মাদার্স ডে’তে এভাবেই নিজের ফেইসবুক ওয়ালে ছোট্টবেলা মায়ের কোলে তোলা একটি ছবি আপলোড করে লিখেছেন সরকারি কর্মকর্তা মোর্শেদা ফেরদৌস।
মায়ের প্রতি ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন হয় না। তারপরেও পশ্চিমা সমাজে মে মাসের দ্বিতীয় রোববার দিনটি ঘটা করে পালন করা হয় ‘মাদার্স ডে’ বা মা দিবস উপলক্ষে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও এ দিবস পালন করা হয়, যার প্রতিফলন দেখা যায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে।
মাকে ভালোবাসা জানিয়ে বিভিন্ন জন মায়ের সঙ্গে তোলা ছবি প্রোফাইল পিকচার বানিয়েছেন, অনেকে স্মৃতিচারণ করেছেন মায়ের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলো।
নিজের মায়ের সঙ্গে কাটানো অতীতের স্মৃতিচারণ করে প্রিতু শরমিন লিখেছেন, “সেদিন বলা হয়নি। আজ বলি- তোমার দেখা শৈশবের পাহাড় পৃথিবীর সব থেকে সুন্দর মা। সে পাহাড়ে আমি কখনই পৌঁছাতে পারব না। সে দুঃসাহসও আমার নেই।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশিদ তার মায়ের ছবি আপলোড করে লিখেছেন, “তুমি শুধু তুমি-মা আমাদের অতুলনীয়, তোমাকে ভালোবাসি মাগো.. অশেষ।”
মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে বিভিন্ন সময়ে তোলা ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করে তা ফেইসবুকে আপলোড করেছেন নাজিয়া জিসা।
তিনি লিখেছেন, “মা... তুমি আছো বলে সব ভালো... অনেক সময় তোমাকে কল করতে পারি না, অনেক সময় তোমার কথা শুনি না...অনেক দেখতে ইচ্ছা করলেও তোমার কাছে যেতে পারি না...তাই বলে ভেবো না তোমায় ভুলে যাই। সবচেয়ে বেশি, আর সব সময় সবচেয়ে বেশি তোমাকেই ভালবাসি মা…”
