চকরিয়ায় ডাকাত-পুলিশ গোলাগুলি, আহত ৫
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদলের সঙ্গে গোলাগুলিতে চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার প্রথম প্রহরে চকরিয়া-লামা-আলীকদম সড়কের ফাঁসিয়াখালী সেতুর কাছে গোলাগুলির ঘটনা ঘটে বলে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম জানান।
ঘটনাস্থলে থেকে একটি বন্দুক ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ পরিদর্শক কামরুল জানান, ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল।
“ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
খোরশেদ আলম (৩৭) নামে ডাকাতদলের ওই সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন, শাহাদাত হোসেন, কনস্টেবল বিকাশ চাকমা, সঞ্চয় কুমারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়ার পূর্ব ভেওলা ইউনিয়নের ফজর রহমান সিকদার পাড়া এলাকার কোরবান আলীর ছেলে খোরশেদ ছয়টি মামলা নিয়ে পলাতক ছিলেন।
গোলাগুলির ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইন, ডাকাতির চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরো তিনটি মামলা হয়েছে বলে জানান পরিদর্শক কামরুল।
