মংলা-ঘষিয়াখালি রুটে জাহাজ চলাচল শুরু
প্রায় পাঁচ বছর বন্ধ থাকার পর মংলা-ঘষিয়াখালি রুট দিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার শুরুর দিনে এ রুট দিয়ে ২১টি জাহাজ চলাচল করেছে বলে জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে তিনি জানান, মংলা-ঘষিয়াখালি রুট দিয়ে চলাচল সফল হলে জুন থেকে সুন্দরবনের শেলা নদী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
গত বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তিন লাখ লিটার ফার্নেস অয়েলবাহী একটি জাহাজ ডুবে যায়। এতে পরিবেশ দূষণের ব্যাপক আশঙ্কার মধ্যে শেলা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধের দাবি ওঠে।
শাজাহান খান বলেন, এই রুটে পরীক্ষামূলকভাবে জুন মাস পর্যন্ত জাহাজ চলাচল করবে।
“এটি সফল হলে শেলা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে,” বলেন মন্ত্রী।
দুপুরে সিলেটের তামাবিল শুল্ক স্টেশন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় সিলেট- ৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেটের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার নুরে আলম মিনা, বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মংলা-ঘষিয়াখালি রুট সংস্কার কাজের প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এইচ এম ফরহাদ-উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর নাব্যতা হ্রাস পেয়ে ২০১০ সালের জুন থেকে আন্তর্জাতিক এ রুট দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।
গত বছর শেলা নদীতে ফার্নেস অয়েলবাহী জাহাজডুবির পর পরিবেশ দূষণের আশঙ্কায় শেলা নদী দিয়ে জাহাজ চলাচল বন্ধের দাবি ওঠে।
তিনি বলেন, এরপর ২২ কিলোমিটার দীর্ঘ মংলা-ঘষিয়াখালি রুট সংস্কারের কাজ শুরু হয়। এখন পর্যন্ত এ প্রকল্পের ৪৭ শতাংশ কাজ তারা শেষ করতে পেরেছেন।
বৃহস্পতিবার এ রুটে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল করছে। পূর্ণ জোয়ারে সাত ফিট জাহাজগুলো চলছে এখন। বিষয়টি তারা সার্বক্ষণিক মনিটরিং করছেন।
আগামী জুনের মধ্যে এ রুট পুরোপুরি চালু করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
