চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গা সদরে শ্যালো ইঞ্জিন চালিত করিমন ও আলমসাধুর সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুইজন।
শনিবার সকালে উপজেলার বোয়ালমারি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন (২৩) আলমডাঙ্গা উপজেলার মোমিনপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন।
আহত এনাজ উদ্দীন (২৮) ও রেন্টু ইসলামকে (৩৫) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, মাছ ব্যবসায়ী আফজাল হোসেনসহ ৩/৪ জন ব্যবসায়ী মাছ বিক্রির জন্য করিমনে করে চুয়াডাঙ্গা শহরে যাচ্ছিলেন। পথে বোয়ালমারি এলাকায় বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আফজাল হোসেন, এনাজ উদ্দীন ও রেন্টু ইসলাম গুরুতর আহত হন।
তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফজালের মৃত্যু হয়।
