ছয় বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ছয় বাংলাদেশি যুবককে বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বেনাপোল চেকপোস্ট বিজিবির সুবেদার আয়ুব হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাদিপুর সীমান্ত দিয়ে ওই ছয়জনকে হস্তান্তর করা হয়।
এরা হলেন- শরীয়তপুরের কাশিপুর এলাকার রাশেদ হাওলাদার (২০), ঝিনাইদহের মহেশপুর এলাকার গোলাম মোস্তফা (২৭), ময়মনসিংহের ত্রিশালের আবু রায়হান (২০), যশোরের রাজারহাটের শাহিন মল্লিক (২৭), বরিশালের মুলাদী এলাকার স্বপন (২৯) ও সুনামগঞ্জের ইউছুফ আলী (৩৮)।
সুবেদার আয়ুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ভারতে পাচার করে। ভারতের পেট্রাপোল ও হরিদাসপুর এলাকায় ঘোরাঘুরির সময় তারা বিএসএফের হাতে ধরা পড়েন।”
বেনাপোল বন্দর থানার এএসআই আশরাফুল আলম জানান, শুক্রবার সকালে ছয় যুবককে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
“তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।”
