২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার সহকারী পরীক্ষা নিয়ন্ত্রককে ‘হুমকি’

চাঁদা না পেয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফিরোজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 07:37 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফিরোজুল ইসলাম বৃহস্পতিবার বিকালে আরিফুল ইসলামের নামে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এছাড়া ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদনও করেছেন তিনি।

ফিরোজুল ইসলাম অভিযোগ করেন, বাংলা চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে চাঁদা চেয়ে আসছিলেন।

গত ২২ এপ্রিল বিকালেও ফোন করলে তিনি রিসিভ করেননি। 

“বৃহস্পতিবার দুপুর দেড়টায় আরিফুল পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের আমার কক্ষে ঢুকে তার ফোন রিসিভ না করার কারণ জানতে চেয়ে অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয়,” বলেন তিনি।

এ ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগায় তিনি থানায় জিডি করার পাশাপাশি বিষয়টি লিখিতভাবে রেজিস্ট্রারকে জানান বলে নিশ্চিত করেন।

শিক্ষার্থী আরিফুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করলেও এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোর্শেদ-উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের লিখিত আবেদন পাওয়ার তা উপাচার্যের দপ্তরে পাঠানো হয়েছে। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব উপাচার্যের।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, “সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের জিডি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”