বিচারক নিয়োগ পরীক্ষার এই হাল!
ন্যায়বিচারের ভার উঠবে যাদের হাতে, সেই ভবিষ্যৎ বিচারকদের নিয়োগ পরীক্ষায় নকলসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
গত ১০ এপ্রিল শুরু হওয়া নবম সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের লিখিত পরীক্ষায় এসব অনিয়মের অভিযোগ এসেছে খোদ পরীক্ষার্থীদের কাছ থেকে।
একাধিক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, পরিদর্শকদের ‘উদাসীনতায়’ বাইরে থেকে লিখে এনে তা দেখে পরীক্ষার হলে ‘খাতা ভরানোর’ ঘটনা তারা দেখেছেন।
নিয়ম না থাকলেও পরীক্ষার হলে মোবাইল ফোন পরীক্ষার্থীদের সঙ্গে থাকছে। নকল আর অনিয়মের ‘অবারিত সুযোগ’ করে দিচ্ছে এসব স্মার্টফোন।
এছাড়া জায়গা বদল করে পরীক্ষা দেওয়া, নির্ধারিত সময়ের আগেই প্রশ্ন বিলি এবং একজনের পরীক্ষা অন্যজন দিয়ে দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন পরীক্ষার্থী। যৌক্তিক কারণেই তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
দেশের বিচার অঙ্গনের একজন জ্যেষ্ঠ ব্যক্তি এসব ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, “এই যদি হয়, তাহলে তারা অপরাধের বিচার করবে কীভাবে? কাদের হাতে আদালতের দায়িত্ব যাচ্ছে? দেশের তো সর্বনাশ হয়ে যাবে।”
জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষানিয়ন্ত্রক শেখ আশফাকুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব বোগাস অভিযোগ, সব বানোয়াট।”
তবে এবার পরীক্ষা চলাকালে এমন অভিযোগ এর আগেও কমিশনে এসেছে বলে স্বীকার করেছেন তিনি।
ইডেন মহিলা কলেজ; এখানেই চলছে সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের লিখিত পরীক্ষা।
এবার রাজধানীর ইডেন মহিলা কলেজের দ্বিতীয় ভবনে এ নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ হাজার ৪৯৬ জন। আগামী ২ মে এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
একজন পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবেশপত্র না দেখেই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হয়। কার পরীক্ষা কে দিচ্ছে তা দেখার কেউ নেই। হলে পরীক্ষার খাতা বিলি করেন কলেজের কর্মচারীরা।”
পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানার কোনো বালাই নেই বলে মন্তব্য করেন আরেকজন পরীক্ষার্থী।
তিনি বলেন, “আমার এক বন্ধু ৩০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে। প্রতিদিনই সে স্মার্ট ফোন নিয়ে হলে যায়। ওই মোবাইলেই তার নকলের সব ব্যবস্থা থাকে।”
২০৩ নম্বর কক্ষের একজন পরীক্ষার্থী জানান, ওই কক্ষের এক পরীক্ষার্থী গত ২০ এপ্রিল ‘অপরাধ সংক্রান্ত আইন’ বিষয়ের পরীক্ষার দিন অতিরিক্ত উত্তরপত্র নিয়ে তা শার্টের ভেতরে ভরে রাখে এবং পরীক্ষা শেষে সেটি নিয়ে যায়।
দুদিন পর ‘সাংবিধানিক আইন ও আইনের ব্যাখ্যা’ পরীক্ষার দিন সংবিধানের সব অনুচ্ছেদ ওই কাগজে লিখে এনে তা দেখেই সে পরীক্ষার খাতায় লেখে।
“পরিদর্শকরা এসব বিষয় দেখেও দেখেন না। হিসাব না রেখে অতিরিক্ত খাতা বিতরণের ফলেই এমনটা সম্ভব হচ্ছে।”
ওই পরীক্ষার্থী জানান, প্রতিটি কক্ষে শতাধিক পরীক্ষার্থীর জন্য দায়িত্বে থাকেন কলেজের মাত্র তিনজন শিক্ষক। খাতায় সই করার পর তারা বেশিরভাগ সময় ‘চেয়ারে বসে ব্যক্তিগত গল্পে’ সময় কাটান। ‘আয়া-পিয়নরাই’ পরীক্ষার খাতা ও অতিরিক্ত কাগজ বিলি করেন।
এ বিষয়ে জানতে চাইলে কমিশনের পরীক্ষানিয়ন্ত্রক আশফাকুর রহমান জানান, ইডেন কলেজের শিক্ষকরাই পরিদর্শকের দায়িত্ব পালন করছেন। কোনো ম্যাজিস্ট্রেট সেখানে থাকেন না। জুডিসিয়াল সার্ভিস কমিশনের কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
একই কক্ষের কয়েকজন পরীক্ষার্থীকে একসঙ্গে টয়লেটে যাওয়ার সুযোগ দেওয়া হয় জানিয়ে এক পরীক্ষার্থী বলেন, সেখানে অনেকেই ফোনে উত্তর শুনে এসে খাতায় লেখেন।
“অনেক পরীক্ষার্থী সিটপ্ল্যান না মেনে নিজেদের ইচ্ছামতো বসছে। দায়িত্বে থাকা শিক্ষকরা বিষয়টি ধরতে পারলেও কিছু বলেন না। আসলে ম্যাডামরা কোনো ঝামেলা নিতে চান না; তারা ভয় পান।”
এ ধরনের অভিযোগ পাওয়ার কথা পরীক্ষানিয়ন্ত্রক শেখ আশফাকুর রহমানও স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নারী শিক্ষকদের অনেকে ভয় পান বলে একটা কথা আমাদের কাছে এসেছে। তবে তারা দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করছেন।”
কয়েকটি পরীক্ষায় নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই খোলা (সিল করা নয়) প্যাকেট থেকে প্রশ্ন বের করে পরীক্ষকদের তা পড়তে দেখেছেন বলে একাধিক পরীক্ষার্থী জানান।
তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৮ এপ্রিল ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন’ বিষয়ের পরীক্ষার দিন তার কক্ষে নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই প্রশ্নপত্র দেওয়া হয়।
ওই পরীক্ষার্থীর সন্দেহ, পরীক্ষা শুরুর আগেই ওই প্রশ্ন হলের ‘বাইরে চলে গেছে’।
অনিয়মের খবর পেয়ে গত ২৭ এপ্রিল ‘চুক্তি ও টর্ট সংক্রান্ত ধারণা এবং আইন’ বিষয়ের পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ও আলোকচিত্রী।
কেন্দ্রে ঢোকার অনুমতি চাইলে ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বলেন, এটি যেহেতু জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা, সেহেতু সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয়।
নকল বা অনিয়মের কোনো ঘটনা ঘটছে না বলেও তিনি দাবি করেন।
সেদিন পরীক্ষা শেষ করে বেরিয়ে আসার সময় বেশ কয়েকজন পরীক্ষার্থী স্বীকার করেন, তারা মোবাইল ফোন সঙ্গে নিয়েই পরীক্ষা দিয়েছেন।
তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনই পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে হলে ঢুকছে। নকলও হচ্ছে।”
তবে পরীক্ষার্থীদের মোবাইল ব্যবহারের ‘কোনো সুযোগ দেওয়া হচ্ছে না’ দাবি করে আশফাকুর বলেন, “প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।”
অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে সাধারণ ইংরেজি বিষয়ের পরীক্ষার দিন একজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
গত বছরের ১২ সেপ্টেম্বর ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা বিচারক নিয়োগের এ লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সাধারণ বাংলা, পারিবারিক সম্পর্কবিষয়ক আইন, সাধারণ ইংরেজি, প্রাথমিক গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, দেওয়ানি মামলা সংক্রান্ত আইন, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়সমূহ, অপরাধ সংক্রান্ত আইন এবং সাংবিধানিক আইন ও আইনের ব্যাখ্যা বিষয় ছাড়াও দুটি ঐচ্ছিক বিষয়ে এক হাজার নম্বরের পরীক্ষায় বসতে হচ্ছে তাদের।
লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সবশেষে প্রকাশ করা হবে চূড়ান্ত ফল।
