২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার মামলায় অভিযুক্ত সাংবাদিক পিতা-পুত্র

গত বছরের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, ভাংচুর ও হামলার মামলায় নীলফামারীর ডোমারের দুই সাংবাদিকের নামে অভিযোগপত্র হয়েছে, যারা বিএনপির রাজনীতিতে সক্রিয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 03:37 PM

এরা হলেন ডোমার প্রেসক্লাবের সভাপতি ও ‘দৈনিক ইত্তেফাক’ প্রতিনিধি মোজাফ্ফর আলী এবং অনলাইন পত্রিকা ‘রাইজিং বিডি ডটকম’ প্রতিনিধি ইয়াসিন মোহাম্মদ সিথুন।

মোজাফ্ফর আলী ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তার ছেলে সিথুন ডোমার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক।

এদিকে, এ অভিযোগপত্রের প্রতিবাদ এবং ডোমার থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তার অপসারণের দাবিতে বুধবার মানববন্ধন করেছেন উপজেলার সাংবাদিকরা।

২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ডোমারের সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া মাদ্রাসা ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ঘটনায় ৭ জানুয়ারি ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এ. কে. এম. হুমায়ুন কবীর ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

গত ২৩ এপ্রিল ওই মামলায় উক্ত দুই সাংবাদিকসহ বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর নামে অভিযোগপত্র দাখিল করেন ডোমার থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান।

বুধবার বেলা সাড়ে ১১টায় বাজার রেলঘুন্টি মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজা।

এতে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সহ-সম্পাদক রওশন রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সম্পাদক আসাদুজ্জামান হিল্লোল, ডোমার সাংবাদিক সমিতির সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ময়নুল হক, আহসান হাবীব লাক্কু প্রমুখ।

বক্তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে ডোমার থানা পুলিশের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মোজাফ্ফর আলী ও ইয়াসিন মোহাম্মদ সিথুনের নামে ‘মিথ্যা মামলায়’ অভিযোগপত্র দেওয়া হয়েছে।

তারা ওই দুই সাংবাদিকের নাম অভিযোগপত্র থেকে বাদ দিয়ে ডোমার থানার ওসি মোয়াজ্জম হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজানের অপসারণ দাবি করেন।

তা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এ ব্যাপারে ডোমার থানার ওসি মোয়াজ্জম হোসেন বলেন, “আমি মানববন্ধনের বিষয়ে কিছু জানি না। মোজাফ্ফর ও সিথুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

“পুলিশের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভোটকেন্দ্রে নাশকতা চালানোর ঘটনায় জড়িত থাকার প্রমাণ থাকায় তাদের নামে চার্জশিট দাখিল করা হয়েছে।”