ভোটের প্রচারে হামলার নিন্দা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে সিটি নির্বাচনে ‘সহিংসতাকে রাজনৈতিক হাতিয়ার’ হিসাবে ব্যবহারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যারি হার্ফ বলেন, “মিউনিসিপ্যাল নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আহ্বান, তারা যেন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট আয়োজনে দায়িত্বশীল আচরণ করেন।”
নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর হামলার ঘটনা নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ এ কথা বলেন।
ওই হামলার ঘটনা নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস একটি বিবৃতি দিয়েছে জানিয়ে তার সার সংক্ষেপ ব্রিফিংয়ে তুল ধরেন মুখপাত্র।
তিনি বলেন, “নির্বাচনী প্রচারে সবাইকে সমাবেশ ও মত প্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক সহিংসতা থেকে প্রার্থীদের রক্ষার জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
সেইসঙ্গে যারা আইন ভাঙছে, তাদের বিচারের মুখোমুখী করারও আহ্বান জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নিতে গিয়ে গত সোমবার কারওয়ান বাজারে হামলার মুখে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার বক্তব্যের শেষ দিকে এক দল লোক ‘ছি ছি খালেদা- খালেদা ভুয়া’ স্লোগান দিতে থাকে। আশপাশের ভবনের উপর থেকে খালেদা জিয়ার গাড়ি লক্ষ করে ঢিল ছোড়া হলে তার কয়েকজন নিরাপত্তারক্ষী ও সাংবাদিক আহত হন।
খালেদা জিয়া অক্ষত থাকলেও ইটের আঘাতে তার গাড়ির এক পাশের কাচ ফেটে যায়। বহরের গাড়িগুলো ঘুরে এফডিসির দিকে এগোতে গেলে এক দল লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এরপর মঙ্গলবারও ভোটের প্রচারে বেরিয়ে ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢিলের মুখে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী।
