পানি উৎসবে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী
বৈসাবি উৎসবের তৃতীয় দিন অনুষ্ঠিত হয়েছে মারমা তরুণ-তরুণীদের সাংগ্রাইয়ের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন জলকেলি।
মঙ্গলবার সকালে বৌদ্ধ বিহারগুলোতে ‘ক্যং ফুল পূজার’ মধ্য দিয়ে সাংগ্রাই উৎসবের সূচনা হয়।
এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পর মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে বের হয় সাংগ্রাই শোভাযাত্রা।
ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজুকে একসঙ্গে বৈসাবি বলা হয়।
নানা আয়োজনে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে এ উৎসব শুরু হয় গত রোববার।
স্থানীয়রা জানান, উৎসবের তৃতীয় দিন মঙ্গলবার সকালে পানখাইয়াপাড়া বটতল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য সাংগ্রাইং শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মারমাদের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যপূর্ণ পোশাকে তারা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মংরাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুবুল আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে, পানখাইয়া পাড়ায় মারমা উন্নয়ন সংসদের উদ্যোগে আয়োজিত সাংগ্রাই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
মারমা তরুণ-তরুণীরা মারমা সংসদ পানখাইয়া পাড়ায় ও মারমা সংগঠন ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি মহিলা কলেজ এলাকায় পৃথক জলকেলিতে অংশ নেন।
মারমা নৃগোষ্ঠীর বিশ্বাস, পানি উৎসবের মধ্য দিয়ে অতীতের সকল দুঃখ-গ্লানি ও পাপ ধুয়ে-মুছে যায়। এছাড়া তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে বেছে নেবে তাদের জীবন সঙ্গী।
উৎসব উপলক্ষে নানা খেলাধুলা, পিঠা উৎসব, মারমাদের ঐতিহ্যবাহী নৃত্য ও কনসার্টেরও আয়োজন করা হয়েছে।
