বেনাপোল বন্দরে ছয়টি সংগঠনের কর্মবিরতি
ব্যাংকের ক্লিয়ারিং হাউস ও বুথ স্থাপনসহ তিনটি দাবিতে বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতির ডাক দিয়েছে বন্দর ব্যবহারকারী ছয়টি সংগঠন।
রোববার দুপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন ভবনে সংগঠনগুলোর যৌথ সভা শেষে একথা জানানো হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকা উদ্ধার, সোনালী ব্যাংকে পূর্ণাঙ্গ ক্লিয়ারিং হাউস স্থাপন এবং শুল্কভবনে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করবেন।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার এক ঘণ্টা এবং বুধ ও বৃহস্পতিবার দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।
এর মধ্যেও দাবি না মানা হলে আগামী রোববার থেকে টানা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
আন্দোলনকারী সংগঠনগুলো হলো বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন, বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতি, ঝিকরগাছা-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতি ও বেনাপোল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, গত সোমবার দুপুরে বেনাপোল লোকাল বাসস্ট্যান্ডে কাছে সোনালী ব্যাংকের সামনে থেকে পিস্তল ঠেকিয়ে রাতুল ইন্টারন্যাশনাল নামের এক সিএন্ডএফ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকৃত ১১ লাখ টাকা উদ্ধার হয়নি।
এদিকে, দীর্ঘদিন ধরে শুল্কভবনে ক্লিয়ারিং হাউজ স্থাপনের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। মন্ত্রী, এমপি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন মহলকে একাধিকবার জানানো হলেও ৩০ বছরে বেনাপোলে ক্লিয়ারিং হাউজ চালু করা হয়নি বলে জানান তিনি।
