বিচারকদের সইয়ের পর কারাগারে রিভিউ রায়
দুই দিন অপেক্ষার পর যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায় আপিল বিভাগ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
রায়ের এই অনুলিপি হাতে পাওয়ায় কারা কর্তৃপক্ষ এখন জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে প্রাণভিক্ষার আনুষ্ঠানিকতা সারতে পারবে।
প্রধান বিচারপতি এসকে সিনহা ও আপিল বেঞ্চের তিন বিচারপতি বুধবার বিকালে ৩৬ পৃষ্ঠার এই রায়ে সই করেন।
বেঞ্চের বাকি তিন সদস্য হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
বিচারকদের সইয়ের পর বিকাল ৩টার দিকে রায় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছায় বলে অতিরিক্ত রেজিস্ট্রার (২) মো. সাব্বির ফয়েজ জানান। বিকাল ৫টার আগে আগে অনুলিপি যায় ট্রাইব্যুনালে।
সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনাল থেকে রায়ের অনুলিপি জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়। এছাড়া সুপ্রিম কোর্ট থেকেই রায়ের অনুলিপি পাঠানো হয় স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।
রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার আফতাবুজ্জামান জানান ওই নথি ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের কাছে উপস্থাপন করেন। আদালতের নির্দেশনা পেয়ে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে তা পৌঁছে দেন পৌনে ৬টায়।
একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালই ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডের রায় দেয়।
মুক্তিযুদ্ধ চলাকালে আল বদর বাহিনীর ময়মনসিংহ জেলা শাখার প্রধান কামারুজ্জামান ‘যেভাবে এসব অপরাধ ঘটিয়েছেন,তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে সুবিচার হবে না’ বলে রায়ে বলা হয়।
কামারুজ্জামান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ৩ নভেম্বর সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ড বহাল রাখে।
শেরপুরের নালিতাবাড়ি থানার সোহাগপুর গ্রামে ১৯৭১ সালে ১২০ জন পুরুষকে বাড়ি থেকে ধরে এনে হত্যার ঘটনায় কামারুজ্জামানের ফাঁসির রায় আসে।
এর সাড়ে তিন মাস পর গত ১৮ ফেব্রুয়ারি আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। তখনই মৃত্যু পরোয়ানা জারি করে কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।
এরপর কামারুজ্জামান ওই রায় পুনর্বিবেচনার আবেদন করলে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত সোমবার তা খারিজ করে দেয়। বিচারিক কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তিতেও ফাঁসির সিদ্ধান্ত বহাল থাকে।
নিয়ম অনুযায়ী রায়ের অনুলিপি কারাগারে পৌঁছানোর পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। তিনি আবেদন করলে রাষ্ট্রপতি তা বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন।
ওই আবেদনের নিষ্পত্তি হয়ে গেলে অথবা কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার কারা কর্তৃপক্ষের মাধ্যমে দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে বলে আগেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরে কারা কর্তৃপক্ষ এরইমধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছে।
কারাগারের একজন শীর্ষ কর্মকর্তা জানান, রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর তারা কামারুজ্জামানের কাছে জানতে চাইবেন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। কামারুজ্জামান প্রাণভিক্ষার আবেদন করলে তা পাঠানো হবে সরকারের কাছে।
আর তিনি প্রাণভিক্ষা না চাইলেও কারা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী বিষয়টি সরকারকে জানাবে। সরকার দণ্ড কার্যকরের নির্দেশনা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রাণভিক্ষার প্রশ্নে আসামি ভেবে দেখার সময় চাইলে কী করা হবে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “সে বিষয়টিও সরকারকে জানানো হবে।”
২০১৩ সালের ১২ ডিসেম্বর যুদ্ধাপরাধে প্রথম ব্যক্তি হিসেবে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ক্ষেত্রেও এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল। তবে সে সময় কাদের মোল্লা প্রাণভিক্ষার আবেদন করেননি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
সোমবার আপিল বেঞ্চে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হওয়ার পরই দণ্ড কার্যকর নিয়ে আলোচনা শুরু হয়। কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে ওইদিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তার পরিবারের সদস্যরা।
আপিল বিভাগের রায়ের পর থেকেই জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে ঢাকায় এনে এ কারাগারে রাখা হয়েছে।
পাকিস্তানি সেনাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে কামারুজ্জামান এদেশের মানুষের ওপর যে নির্যাতন, হত্যাকাণ্ড চালিয়েছেন তার জন্য শেরপুরে তার লাশ নেওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছেন তার স্ত্রীর বড় ভাই মুক্তিযোদ্ধা আবু সালেহ নুরল ইসলাম হিরু।
