নাছিরের জন্য হিন্দুদের কাছে ভোট চাইলেন হাছান
চট্টগ্রামে জে এম সেন হলে সনাতনী নাগরিক সমন্বয় কমিটির সঙ্গে আ জ ম নাছিরের মতবিনিময় সভায় তার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
রোববার বিকালে নগরীর যাত্রামোহন (জে এম) সেন হলে আয়োজিত সভার নির্ধারিত বিষয়বস্তু না থাকলেও নির্বাচন ও জাতীয় রাজনীতি নিয়েই বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সমন্বয় কমিটির নেতারা।
এর আগে বেলা ৩টা থেকে সমন্বয় পরিষদের নগরীর বিভিন্ন এলাকার শাখার ব্যানারে মোটরসাইকেলসহ মিছিল নিয়ে সভাস্থলে আসেন লোকজন। এদের মধ্যে অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মী।
এসব মিছিল থেকে আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের জন্য ভোট চেয়ে স্লোগানও দেওয়া হয়।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সনাতনী সম্প্রদায়ের প্রতিটি ভোটার ভোটের দিন ঘর থেকে বেরিয়ে আসবেন। যদি সনাতনী প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে না পারি তাহলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে।
সনাতনী সম্প্রদায়ের সবাই যাতে ভোটকেন্দ্রে ‘নির্বিঘ্নে’ আসতে পারে সেজন্য ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানান হাছান।
হাছান মাহমুদ বলেন, যদিও এটি (সিটি করপোরেশন) স্থানীয় নির্বাচন তবুও রাষ্ট্রের চরিত্র নির্ধারনে এ নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
“১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে রাষ্ট্রের অসাম্প্রদায়িক চরিত্র নষ্ট করে দেয়া হয়। শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রের অসাম্প্রদায়িক চরিত্র ফেরত এসেছে। তাই আসন্ন নির্বাচনে দেশে কি অসাম্প্রদায়িক শক্তি জিতবে নাকি সাম্প্রদায়িক শক্তি জিতবে সেটা নির্ধারণ করা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন। অন্যদিকে বিএনপির সমর্থনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী সদ্য সাবেক মেয়র মনজুর আলম।
রোববারের সভায় হাছান মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসন ও ট্রাক টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিটি করপোরেশনকে ১১২ কোটি টাকা দিয়েছে। সে টাকা কোথায় গেছে তা নগরবাসী জানতে চায়।
“জলাবদ্ধতা নিরসন তো দূরের কথা, হাঁটু পানি থেকে গলা পানিতে নিয়ে এসেছেন মনজুর সাহেব।“
সভায় প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, যে লক্ষ্যে নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল সে লক্ষ্য এখনো অর্জিত হয়নি।
“১৯৭৫ এ জাতির জনক হত্যার মাধ্যমে এদেশের গতিপথ পাল্টে দেয়া হয়েছিল। এ দেশকে উগ্র সাম্প্রদায়িকতার দেশে রূপান্তরের বহু ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সে ষড়যন্ত্র রুখে দেয়া হযেছে।
“ নাছির বলেন, যারা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেনা তারাই পেট্রোল বোমার আঘাতে নারী শিশু এমনকি নিরীহ পশুকেও হত্যা থেকে রেহাই দেয়নি। জনমত গড়ে তুলে এদের প্রত্যাখ্যান করতে হবে।
রাউজানের সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেসরকারী বিশ্ববিদ্যালয় বিজিসি ট্রাস্ট্রের ভারপ্রাপ্ত উপাচার্য রনজিত ধর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন বোধি ভিক্ষু, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।#বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/প্রতিনিধি/সিএম
