২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ এখন প্রাণবন্ত: শেখ হাসিনা

বিএনপির বর্জনের মধ্যে দশম সংসদে প্রধান বিরোধী দলের আসনে আসা জাতীয় পার্টির ভূমিকার প্রশংসা করেছেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2015, 10:20 PM

Updated : 22 Aug 2022, 12:01 PM

বিএনপি বিরোধী দলের আসনে থাকা অবস্থায় সংসদে ‘গঠনমূলক’ আলোচনা হত না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার দশম সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, “এই সংসদ জাতির জন্য কাজ করে যাচ্ছে।”

নবম ও দশম সংসদের মধ্যে তুলনা করার আহবান জানিয়েছে শেখ হাসিনা বলেন, “দুই সংসদের গুণগত পরিবর্তন আছে।

“তখন গঠনমূলক আলোচনা হতই না। তখনকার বিরোধীদলীয় নেতা সংসদে আসতেনই না। উনি ১০ দিন মনে হয় এসেছিলেন।”

নবম সংসদে তৎকালীন বিরোধী দলের সদস্যদের অঙ্গভঙ্গী এবং আচরণের জন্য অভিভাবকরা সন্তানদের নিয়ে সংসদ অধিবেশন দেখতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি। 

“এর থেকে জাতি মুক্তি পেয়েছে।”

‘গঠনমূলক সমালোচনার’ জন্য সংসদ নেতা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদও জানান সংসদ নেতা।

তিনি বলেন, “বাংলাদেশএকটা ইউনিক অবস্থানে আছে। সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, উপনেতা এবং স্পিকার- চারজনই নারী। পৃথিবীর আর কোনো দেশ এই সাফল্য দেখাতে পারবে না। আমরা এটা করতে সক্ষম হয়েছি।”

প্রায় সোয়া এক ঘণ্টার বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড, যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখার কথা জানিয়ে এই প্রসঙ্গে জিয়াউর রহমানের আমলে সামরিক আইন অধ্যাদেশের মাধ্যমে এই বিচার বন্ধ এবং তাদের রাজনৈতিক ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দেন তিনি।

“প্রকৃত মুক্তিযোদ্ধা হলে কিভাবে এটা করে? সে কেউ নয়, জিয়াউর রহমান।”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নাশকতায় ১৩০ জনের মৃত্যু, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথাও আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

“দুই আড়াই মাস ছেলেমেয়েরা স্কুলে যেতে পারল না। কি পেলেন উনি (খালেদা জিয়া)? তাদের জীবন কেন অন্ধকারে ঠেলে দিলেন?”

মানুষ পুড়িয়ে মারার ‘নির্দেশদাতা’ খালেদা জিয়ার সঙ্গে পেশাজীবী নেতাদের দেখা করার বিষয়ে তিনি বলেন, “শত নাগরিক-কত নাগরিক দেখি; মনুষ্যত্ব থাকলে কি তার সঙ্গে দেখা করতে পারে?”

বিরোধী জোটের নাশকতার বিপরীতে সরকারের উন্নয়নমূলক পদক্ষেপগুলো সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এখন খাদ্য আমদানি করতে হয় না বললেই চলে। রিজার্ভ ২৩ বিলিয়ন, সাত মাসের খাদ্য আমদানি নিশ্চিত করে।”

সরকারের বর্তমান মেয়াদের মধ্যে দারিদ্র ২৪ থেকে আরও ১০ ভাগ কমানোর লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “তাহলেই, দারিদ্রমুক্ত দেশ হিসাবে ঘোষণা দিতে পারব।”

প্রধানমন্ত্রী পানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান। নগরীতে যানজট কমাতে গাড়ি ব্যবহার কমানোর পরামর্শও দেন তিনি।