হবিগঞ্জ কারাগারের ২ হাজতি নিখোঁজ
হবিগঞ্জ জেলা কারাগারে দুই হাজতিকে পাওয়া যাচ্ছে না।
হবিগঞ্জ কারাগারের জেলার শামীম ইকবাল জানান, মঙ্গলবার ১১টার পর থেকে কারাগারের ভেতরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। কারা কর্তৃপক্ষ দিনভর খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।
এরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদরের অন্তর (১৬) ও নয়ন (১৭)।
শামীম ইকবাল জানান, এ দুইজনকে চুরির অভিযোগে হবিগঞ্জ সদর থানা পুলিশ গত শনিবার আটক করে কারাগারে পাঠায়।
ধারণা করা হচ্ছে, কারা অভ্যান্তরের কোথাও তারা লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঘটনার খবর পেয়ে ডিআইজি প্রিজন মো. শহিদুল ইসলাম হবিগঞ্জ কারাগার পরিদর্শনে যান বলে জানান শামীম ইকবাল।
এ ব্যাপারে জেল সুপার নুরশেদ আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
