চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা: ২ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
এরা হলেন- আহমদ হোসেন ও আনন্দ দাশ। দুইজনেরই বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, রোববার দুপুরে নগরীর মাদারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১১ মার্চ বিকালে নগরীর লালদীঘির মাঠে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমাবেশ চলাকালে ছাত্রলীগের একদল নেতাকর্মী কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা চালায়।
ওই সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন।
এ ঘটনায় পরে আওয়ামী লীগ নেতারা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতাদের সঙ্গে দেখা করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন।
ওইদিন রাতেই সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
চট্টগ্রামের সাংবাদিকরা হামলাকারী ছাত্রলীগকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
