চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি
সাংবাদিকদের দাবির মুখে হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
সোমবার তার কার্যালয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সাংবাদিকরা এই প্রতিশ্রুতি পান।
গত বুধবার ১৪ দলের সমাবেশের ওই ঘটনার জন্য মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে দায়ীদের গ্রেপ্তার করতে বলেন পুলিশকে।
সেদিন লালদীঘি মাঠে সমাবেশে মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় সাংবাদিকদের ওপর হামলা চালায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে আহত হন ছয়জন সংবাদকর্মী।
ওই হামলার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
সোমবার সকালে নগর পুলিশের সদর দপ্তরের (সিএমপি) সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সমাবেশ শেষে সিএমপির মূল ফটকের সামনের সড়কে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি শুরু করলে সেখানে উপস্থিত হন ক্ষমতাসীন দলের নেতা মহিউদ্দিন চৌধুরী। তিনি সাংবাদিকদের সঙ্গে নিয়ে সিএমপি কমিশনারের কাছে যান।
তখন সিএমপি কমিশনার জলিল মণ্ডল আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে সাংবাদিকদের বলেন, “হামলাকারীদের একজনকে চিহ্নিত করা গেছে এবং তাকে গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশের মধ্যেই সকাল সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনার সাংবাদিক নেতাদের এড়িয়েই তার কার্যালয়ে ঢোকেন।
সাংবাদিকদের দিকে তেড়ে যাচ্ছে ছাত্রলীগের এক দল নেতা-কর্মী (ফাইল ছবি)
সেদিন ঘটনার পর চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে সিইউজে কার্যালয়ে এক বৈঠকে ওবায়দুল কাদের হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
সেদিন ওই বৈঠকে উপস্থিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরকে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
সিএমপি সদর দপ্তরের সামনে সমাবেশে সিএইজে সভাপতি এজাজ ইউসুফী বলেন, “মন্ত্রীর নির্দেশ কিভাবে উপেক্ষিত হয়? আওয়ামী লীগের অন্তর্কোন্দলের কারণে সাংবাদিকরা লাঞ্ছিত হয়েছে।
“ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা গ্রেপ্তার না হলে পুলিশ প্রশাসনের সব খবর বর্জন করা হবে। সন্ত্রাসীরা কোথায় লুকিয়ে তা পুলিশ প্রশাসন জানে।”
সাংবাদিকদের ওপর হামলাকারীরা নগর আওয়ামী লীগ সভাপতি আ জ ম নাছিরের অনুসারী বলে অভিযোগ রয়েছে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহিউদ্দিন ও নাছির দুজনই মেয়র প্রার্থী হতে চান।
সমাবেশে বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক নেতা মোস্তাক আহমেদ, আসিফ সিরাজ, চৌধুরী ফরিদ, রতন কান্তি দেবাশীষ, নিরুপম দাশ গুপ্ত, দিদারুল আলম, মোহাম্মদ আলী, শহিদুল্লাহ শাহরিয়ার, সবুর শুভ, মিন্টু চৌধুরী, লতিফা আনসারী রুনা, আলী হায়দার, এনামুল হক।
সমাবেশ শেষে অবস্থান কর্মসূচি শুরুর ১০ মিনিটের মধ্যে মহিউদ্দিন চৌধুরী এসে বলেন, “সাংবাদিকদের ওপর জুলুম হয়েছে। কোনো অবস্থায় অন্যায় মেনে নিতে পারি না।
“অবিলম্বে অন্যায়কারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার দলের কেউ অন্যায় করলে তাকে গ্রেপ্তার করুন। আপনারা অবস্থান প্রত্যাহার করুন। আমি আপনাদের নিয়ে কমিশনারের কাছে যাব।”
এরপর তিনি উপস্থিত সব সংবাদকর্মীকে নিয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে ঢোকেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে অনুরোধ করেন তিনি।
পুলিশ কমিশনার জলিল মণ্ডল বলেন, “হামলাকারীরা ছাত্রলীগের নামধারী কেউ হবে। না হলে মন্ত্রীর উপস্থিতিতে ছাত্রলীগের কেউ এমন অপরাধ করতে পারে না।
“যদি আমরা ধরতে চাই, তাহলে আওয়ামী লীগ-ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বাধা আসবে না আশা করি।”
পুলিশ কমিশনারের এ ঘোষণার পর সিইউজে সভাপতি আগামী এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনার মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন ওই হামলাকারীকে (শনাক্ত একজন) গ্রেপ্তার করতে।”
হামলার ঘটনায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।
