চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের রোববারের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সাংবাদিকরা।
তা না হলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে ‘টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চিটাগাং’।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এই হুমকি দেন।
সাংবাদিক নেতারা বলেন, যে কোনো রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে আর দুর্যোগে সাংবাদিকরাই রাজনীতিবিদদের পাশে দাঁড়ান। অথচ ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় সাংবাদিকদের ওপর প্রকাশ্য জনসভায় হামলার ঘটনার চার দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
“সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলে, বোঝা যাবে ক্ষমতাসীনরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,” বলেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়শন চিটাগাং এর সভাপতি শামসুল হক হায়দরী।
আরিচ আহমেদ শাহর পরিচালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের টিভি ইউনিট প্রধান মাঈনুদ্দিন দুলাল প্রমুখ।
গত বুধবার নগরীর লালদীঘি মাঠে নৈরাজ্য ও নাশকতাবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
তারা চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা ভেঙে ফেলে। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হন চ্যানেলটির দুই সাংবাদিকসহ কমপক্ষে ছয়জন সংবাদকর্মী।
হামলার পর ওই রাতেই চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন।
