চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি
চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ থেকে রোববারের মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, ১৪ দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। পুলিশকে এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ সরবরাহ করা হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এর আগেও বিভিন্ন দলের রাজনৈতিক কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময়ে সাংবাদিকরা হামলার শিকার হলেও কোনো বিচার হয়নি।
সাংবাদিক নেতারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে মহানগর আওয়ামী লীগ নেতাদের নির্দেশ দিলেও কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
সিইউজের সভাপতি এজাজ ইউসুফির সভাপতিত্বে যুগ্ম সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাংবাদিক হাউজিং সোসাইটির সভাপতি মঈনুদ্দিন কাদেরী শওকত, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, শহীদুল আলম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু তাহের মাহমুদ, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশ গুপ্ত, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম হায়দার প্রমুখ।
বুধবার নগরীর লালদিঘী মাঠে নৈরাজ্য ও নাশকতাবিরোধী পদযাত্রার আগে সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
তারা চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা ভেঙে ফেলে। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হন চ্যানেলটির দুই সাংবাদিকসহ কমপক্ষে ছয়জন সংবাদকর্মী।
হামালাকারী ছাত্রলীগকর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলার ঘটনায় রাতেই সিইউজের পক্ষ থেকে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
